সিলেটে প্রধানমন্ত্রীর সফর ঘিরে ছিনতাই চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট
প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৫:০৩ পিএম
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে জনসমাগমের সুযোগ নিয়ে জড়ো হওয়া একটি আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে কোতোয়ালী থানাধীন জেলা স্টেডিয়াম এলাকায় প্রথম অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রাথমিকভাবে ৫ জন ছিনতাইকারীকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে আম্বরখানা পয়েন্টের ‘সানরাইজ আবাসিক হোটেল’-এর ২০২ নম্বর কক্ষে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে চক্রটির আরও ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে আসামিদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ৬টি ধারালো ছুরি ও ২টি ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৯ জনই নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে।
র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, দস্যুতা ও ছিনতাইয়ের মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
