ইউটিউবে বিনামূল্যে সরাসরি বিশ্বকাপের সব ম্যাচ দেখতে পারবেন যারা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৬:২২ পিএম
ছবি- সংগৃহীত
ভারত ও বাংলাদেশে আগামী ফিফা বিশ্বকাপের ম্যাচ কোন টেলিভিশন চ্যানেল বা ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে, তা নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। দুই দেশের ফুটবলপ্রেমীদের মনে যখন এ নিয়ে শঙ্কা, ঠিক তখনই জানা গেল ক্রিশ্চিয়ানো রোনালদোর বিনিয়োগ করা একটি ইউটিউব চ্যানেল এবারের বিশ্বকাপের সব ম্যাচ বিনামূল্যে সরাসরি দেখাবে। তবে দক্ষিণ এশিয়ার ফুটবল ভক্তদের জন্য দুঃসংবাদ হলো, এই সুবিধা কেবল ব্রাজিলের দর্শকই উপভোগ করতে পারবেন।
সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো সম্প্রতি ব্রাজিলের ক্রীড়াভিত্তিক মিডিয়া কোম্পানি ‘লাইভমোড’-এ বড় অঙ্কের বিনিয়োগ করেছেন। এই কোম্পানির অংশীদারত্বে থাকা ইউটিউব প্ল্যাটফর্ম ‘কেজটিভি’ পুরো বিশ্বকাপ বিনামূল্যে সম্প্রচার করবে। তবে কেজটিভি ও এর মূল সংস্থা লাইভমোড কেবল ব্রাজিল অঞ্চলের জন্য ডিজিটাল স্বত্ব কেনায় এই সুবিধা শুধু সেই দেশের সীমানার ভেতরেই সীমাবদ্ধ থাকবে। জিও-ব্লকিংয়ের কারণে বাংলাদেশ বা ভারতের দর্শকেরা তাদের ইউটিউব কিংবা টুইচ চ্যানেল চালু করলেও ম্যাচগুলো দেখতে পারবেন না।
ব্রাজিলের জনপ্রিয় ইউটিউবার ও স্ট্রিমার কাসিমিরো মিগুয়েল লাইভমোডের সঙ্গে যৌথ উদ্যোগে ২০২২ সালে কেজটিভি চালু করেন। ওই বছর কাতার বিশ্বকাপের কিছু নির্বাচিত ম্যাচ তারা সম্প্রচার করেছিল। এরপর ফিফা নারী বিশ্বকাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও অলিম্পিকের মতো বড় বড় টুর্নামেন্ট সফলভাবে কাভার করে চ্যানেলটি।
আসন্ন ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে ব্রাজিলের দর্শকদের জন্য বিশেষ পরিকল্পনা করেছে কেজটিভি। তারা সব ম্যাচ ফোরকে রেজোলিউশনে লাইভ স্ট্রিম করার পাশাপাশি মাঠের ভেতরের নানা অজানা গল্প, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইন্টারঅ্যাক্টিভ সেশনের আয়োজন করবে। তরুণ ফুটবল ভক্তদের আকর্ষণ করতেই তাদের এই জমকালো আয়োজন।
এদিকে ব্রাজিল ফ্রিতে খেলা দেখার সুযোগ পেলেও বাংলাদেশ ও ভারতের ভক্তদের চোখ এখনো আনুষ্ঠানিক ঘোষণার দিকে। তবে ভেতরের খবর, ভারতে বিশ্বকাপ সম্প্রচারের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে ‘জি’ (Zee) নেটওয়ার্ক। তারা তাদের স্পোর্টস চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্ম ‘জিফাইভ’ (Zee5) অ্যাপের মাধ্যমে ম্যাচগুলো সম্প্রচার করতে পারে। ভারতের কোনো চ্যানেল স্বত্ব পেলে বাংলাদেশের দর্শকেরা ক্যাবল টিভির মাধ্যমে বরাবরের মতোই খেলা দেখার সুযোগ পাবেন।
