ম্যাচ চলাকালে মাঠেই মৃত্যু ভারতীয় পেসারের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৭:০১ পিএম
ছবি- সংগৃহীত
ক্রিকেটের সবুজ মাঠেই না-ফেরার দেশে চলে গেলেন ভারতের কর্নাটক রাজ্যের সাবেক পেসার এসএল অক্ষয়। বেঙ্গালুরুতে একটি ঘরোয়া ম্যাচ খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ৩৯ বছর বয়সী এই ক্রিকেটারের মৃত্যু হয়েছে। ভারতের সাবেক ক্রিকেটার ডোড্ডা গণেশ তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
গতকাল রোববার (২৪ মে) বেঙ্গালুরুর কেআর পুরমের মাঠে তৃতীয় ডিভিশনের একটি ম্যাচ খেলছিলেন অক্ষয়। ফিল্ডিং করার সময় হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়েছে।
ভারতের ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ এসএল অক্ষয় কর্নাটকের হয়ে তিন সংস্করণের ক্রিকেটই খেলেছেন। লোকেশ রাহুল, রবিন উথাপ্পা ও করুণ নায়ারদের মতো তারকাদের সঙ্গে একই দলে রঞ্জি ট্রফি খেলার অভিজ্ঞতা ছিল তার। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬টি রঞ্জি ম্যাচ খেলে তিনি ১৮টি উইকেট নেন। এ ছাড়া কর্নাটকের হয়ে ৩টি লিস্ট ‘এ’ এবং ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পাশাপাশি বেশ কয়েক বছর কর্নাটক প্রিমিয়ার লিগেও (কেপিএল) অংশ নিয়েছেন তিনি।
মাঠে সদা হাস্যময় ও মৃদুভাষী হিসেবে পরিচিত ছিলেন অক্ষয়। তার এমন আকস্মিক প্রয়াণে কর্নাটকের ক্রিকেট মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কর্নাটক ক্রিকেট সংস্থার সভাপতি ও ভারতের সাবেক পেসার বেঙ্কটেশ প্রসাদসহ দেশটির সাবেক ও বর্তমান ক্রিকেটাররা তাঁর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
