আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের নথি জব্দ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৪:১২ পিএম
ছবি- সংগৃহীত
পুঁজিবাজারে আড়াইশ কোটি টাকার শেয়ার কারসাজির অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫ আসামির নথিপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তের অংশ হিসেবে সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করেন দুদকের তদন্ত কর্মকর্তা।
গত বছরের জুনে দায়ের করা দুদকের মামলার এজাহার অনুযায়ী, সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে সাকিব আল হাসান ও তার সহযোগীরা ২৫৬ কোটি টাকা হাতিয়ে নেন। এর মধ্যে সাকিবের বিরুদ্ধে সরাসরি ২ কোটি ৯৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, বহুল আলোচিত কারসাজিকারী আবুল খায়ের হিরুর মাধ্যমে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং সোনালী পেপারস লিমিটেডের শেয়ারে বিনিয়োগ করেছিলেন এই অলরাউন্ডার। পরে তিনি বাজার কারসাজিতে (মার্কেট ম্যানিপুলেশন) সক্রিয়ভাবে যুক্ত হয়ে সাধারণ বিনিয়োগকারীদের প্রতারিত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
দুদক সূত্রে জানা গেছে, শেয়ার কারসাজির পাশাপাশি সাকিব আল হাসানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের আরেকটি অভিযোগও অনুসন্ধান করা হচ্ছে। সেই সংশ্লিষ্ট নথিপত্রও সংগ্রহ করছে সংস্থাটি।
