রাশেদ প্রধান
আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৬, ১১:২৭ পিএম
ছবি : সংগৃহীত
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গতকাল শেষ হয়েছে। এই অধিবেশনের বেশিরভাগ সময় ক্ষমতাসীন বিএনপি সরকার পতিত ফ্যাসিস্ট আওয়ামী আমলের শেখানো বক্তব্যই ব্যবহার করেছে।
তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বারবার জামায়াত-শিবির ও বিএনপিকে ‘রাজাকার’ বলে আখ্যা দিত। কিন্তু এখন ক্ষমতায় এসে বিএনপিও একইভাবে জামায়াত-শিবিরকে ‘রাজাকার’ বলছে। তিনি মন্তব্য করেন, কিছুদিন আগে আওয়ামী লীগ যেভাবে বিএনপি ও জামায়াত-শিবিরকে একইভাবে আক্রমণ করত, এখন সেই অবস্থারই পুনরাবৃত্তি হচ্ছে।
রাশেদ প্রধান আরও বলেন, “শুনেছিলাম, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। বিএনপিকে দেখে মনে হচ্ছে, যে-ই ক্ষমতায় যায়, সেই নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করে। বাস্তবতা হলো, আওয়ামী লীগের মতোই এখন বিএনপিও একাত্তরের চেতনা বিক্রি করছে।”
মহান মে দিবস উপলক্ষে ‘শ্রমিক জাগপা’ আয়োজিত ‘শ্রমিক জনতার ডাক, গণভোটের রায়ে জুলাই সনদ বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাগপা মুখপাত্র বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন সাহেব সংসদে বলেছেন যে নির্বাচন বিলম্ব না করতে বিএনপি ‘জুলাই জাতীয় সনদে’ আপস করেছে। তার মতে, এ থেকেই বোঝা যায় জুলাই সনদ গুরুত্বপূর্ণ ছিল না, বরং দ্রুত ক্ষমতায় যাওয়া ছিল বিএনপির মূল উদ্দেশ্য। তিনি আরও দাবি করেন, ম্যানেজ ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মিথ্যা প্রচারণা চালানো হয়েছে।
রাশেদ প্রধান আরও বলেন, মহান মে দিবসে শ্রমিকদের শপথ নিতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে শ্রমিকদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, আবারও সেই একই চেতনায় নতুন গণআন্দোলন গড়ে তুলতে হবে এবং গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। তার বক্তব্যে তিনি নতুন কোনো ফ্যাসিবাদ সহ্য না করারও আহ্বান জানান।
শুক্রবার (১ মে) বেলা ১১টায় রাজধানীর পল্টনে শফিউল আলম প্রধান মিলনায়তনে শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনের সঞ্চালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার এবং যুব জাগপা সাধারণ সম্পাদক ইঞ্জি. সিরাজুল ইসলামসহ অনেকে।
