বিষাক্ত দ্রব্য খেয়ে ইউল্যাব শিক্ষার্থীর মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৬, ১১:১৬ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় ভাড়া বাসায় বিষাক্ত দ্রব্য খেয়ে সৌরভ হালদার (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ইউল্যাব ইউনিভার্সিটির শেষ বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
শুক্রবার (১ মে) বিকেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুলিশ।
সৌরভের কাকি রঞ্জিতা মন্ডল জানিয়েছেন, সৌরভ বাসায় সবার অগোচরে বিষাক্ত কোনো দ্রব্য খেয়ে অসুস্থ ও বমি করতে থাকে।
পরে সেখান থেকে তাকে উদ্ধার করে রাত সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, মাসে কয়েক আগে তার এক বান্ধবী ক্যান্সারে মারা যায় তারপর থেকে সৌরভ একটু ডিপ্রেশনে ছিল। তাদের ধারণা, হয়তো ডিপ্রেশন থেকে এরকম করতে পারে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
সৌরভ ঝালকাঠি সদর উপজেলার ভিমরুলী গ্রামের কৃষক অমল হালদারের ছেলে। বর্তমানে রায়ের বাজার এলাকায় তার এক বোনসহ ভাড়া বাসায় থাকতেন।
