×

খেলা

বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারানো সেই কোচকে বরখাস্ত সৌদি আরবের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পিএম

বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারানো সেই কোচকে বরখাস্ত সৌদি আরবের

হার্ভে রেনার্ড। ছবি- সংগৃহীত

২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছিল সৌদি আরব। ডাগ-আউটে দাঁড়িয়ে সেই অসাধ্য সাধনের কারিগর ছিলেন হার্ভে রেনার্ড। আসন্ন ২০২৬ বিশ্বকাপেও মধ্যপ্রাচ্যের এই দেশটিকে চূড়ান্ত পর্বে পৌঁছে দিয়েছেন তিনি। কিন্তু বিশ্বসেরাদের মহাযজ্ঞ শুরু হওয়ার মাত্র ৫৫ দিন আগে সেই রেনার্ডকেই চাকরি থেকে বরখাস্ত করে ফুটবল বিশ্বে বড় এক চমক দিল সৌদি আরব ফুটবল ফেডারেশন।

গত মার্চে আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোতে সৌদি আরবের টানা ব্যর্থতার কারণেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রীতি ম্যাচে মিশরের বিপক্ষে ৪-০ গোলে এবং সার্বিয়ার কাছে ২-১ গোলে হেরে যায় গ্রিন ফ্যালকনরা। রেনার্ডের বিদায়ের পর এখন প্রিমিয়ার লিগের সাবেক তারকা এবং বর্তমানে আল-খালিজের কোচ জর্জিওস দনিস স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন বলে জোর গুঞ্জন উঠেছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দনিসকে ছাড়িয়ে নিতে সৌদি ফেডারেশন ও ক্লাব আল-খালিজের মধ্যে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে। বিশ্বকাপের মতো বড় আসরের আগে দলের নিয়ন্ত্রণ নিতে এই অভিজ্ঞ গ্রিক কোচের ওপরই ভরসা রাখছে কর্তৃপক্ষ।

নিজের বিদায় প্রসঙ্গে শুক্রবার এএফপি-কে রেনার্ড বলেন,'এটাই ফুটবল। সৌদি আরব এ পর্যন্ত সাতবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে, যার মধ্যে দুইবারই ছিল আমার অধীনে।” ৫৫ বছর বয়সী এই ফরাসি কোচ আরও যোগ করেন, “আমিই একমাত্র কোচ যে বাছাইপর্ব এবং মূল বিশ্বকাপ—উভয় ক্ষেত্রেই তাদের নেতৃত্ব দিয়েছি। অন্তত এই গর্বটুকু আমার সাথে থাকবে।'

হার্ভে রেনার্ডের কোচিং ক্যারিয়ার বেশ রোমাঞ্চকর। ২০১৮ বিশ্বকাপে মরক্কো জাতীয় দলের দায়িত্বে ছিলেন তিনি। এরপর ২০২২ সালে সৌদি আরবের দায়িত্ব নিয়ে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারানোর ঐতিহাসিক কীর্তি গড়েন। যদিও সেবার পোল্যান্ড ও মেক্সিকোর কাছে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল সৌদিকে। পরবর্তীতে ফ্রান্স নারী দলকে প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে তোলার পর ২০২৪ সালের অক্টোবরে দ্বিতীয় মেয়াদে ফের সৌদির দায়িত্ব নেন রেনার্ড। তবে আফ্রিকান নেশনস কাপে জাম্বিয়া ও আইভরি কোস্টকে শিরোপা জেতানোই এখন পর্যন্ত তাঁর ক্যারিয়ারের সেরা সাফল্য।

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপে সৌদি আরব গ্রুপ ‘এইচ’-এ খেলবে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে এবং নবাগত কেপ ভার্দে। এখন পর্যন্ত মোট ছয়বার বিশ্বকাপে অংশ নেওয়া দেশটির সেরা সাফল্য এসেছিল ১৯৯৪ সালে; সেবার যুক্তরাষ্ট্রের মাটিতেই তারা ‘রাউন্ড অফ সিক্সটিন’-এ জায়গা করে নিয়েছিল। ৩২ বছর পর আবারও সেই আমেরিকান মুলুকেই নতুন কোনো রূপকথার খোঁজে নামবে সৌদি আরব, তবে এবার হার্ভে রেনার্ডকে ছাড়াই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এসএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির কঠোর নির্দেশনা

এসএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির কঠোর নির্দেশনা

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্ট মিরপুর ও সিলেটে

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্ট মিরপুর ও সিলেটে

 নিরাপত্তার অজুহাতে ভূমি দখল করছে ইসরায়েল: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

নিরাপত্তার অজুহাতে ভূমি দখল করছে ইসরায়েল: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

সরকারকে কঠিন ভাষায় কথা বললে আবার বাসায় হামলা করবে

রাশেদ প্রধান সরকারকে কঠিন ভাষায় কথা বললে আবার বাসায় হামলা করবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App