পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্ট মিরপুর ও সিলেটে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পিএম
ছবি- সংগৃহীত
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নির্ধারিত সময়ের একদিন আগেই বাংলাদেশে পা রাখছে পাকিস্তান ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পূর্বঘোষিত সূচি অনুযায়ী আগামী ৪ মে তাদের ঢাকায় আসার কথা থাকলেও সফরকারী দলটি ৩ মে এসে পৌঁছাবে বলে নিশ্চিত করেছে বিসিবি। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সূচির এই পরিবর্তনের কথা জানানো হয়।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে আগামী ২ মে। ফলে সংক্ষিপ্ত সংস্করণ শেষ করে সাদা পোশাকের ক্রিকেটে মানিয়ে নিতে নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজরা খুব একটা সময় পাচ্ছেন না। মাঠের লড়াইয়ে নামার আগে প্রস্তুতির জন্য টাইগারদের হাতে সময় থাকছে মাত্র কয়েক দিন।
সফরকারী দলের আগমনের তারিখ পরিবর্তন হলেও সিরিজের ম্যাচগুলোর সময়সূচি অপরিবর্তিত রাখা হয়েছে। আগামী ৮ মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৬ মে।
উল্লেখ্য, গত মাসেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করেছিল পাকিস্তান। সেই সফরে টেস্ট ও টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ব্যস্ততার কারণে সফরটি দুই ভাগে ভাগ করা হয়। শেষ পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজটি সূচি থেকে বাদ পড়লেও টেস্ট সিরিজটি পিএসএল পরবর্তী সময়ে আয়োজনের সিদ্ধান্ত নেয় দুই দেশের ক্রিকেট বোর্ড।
পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজের স্মৃতি বাংলাদেশের জন্য বড় এক অনুপ্রেরণা। ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে তাদেরই হোয়াইটওয়াশ করে ঐতিহাসিক ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল টাইগাররা। এর আগে দুই দেশের মধ্যকার ১৩টি টেস্টের ১২টিতেই জয় পেয়েছিল পাকিস্তান।
