মাহদী আমি
দুই মাসে ৬০ বিশেষ পদক্ষেপ নিয়েছে সরকার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্ণ হয়েছে শুক্রবার (১৭ এপ্রিল)। এ সময়ে রাষ্ট্র সংস্কার, জনকল্যাণ নিশ্চিতকরণ এবং নাগরিক সেবা সম্প্রসারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৬০টি বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।
শনিবার (১৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন সরকারের বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
বিবৃতিতে বলা হয়, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ইতোমধ্যে ১৮০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর আওতায় কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অবকাঠামো, প্রযুক্তি, পরিবেশ, আইনশৃঙ্খলা ও অর্থনীতিসহ বিভিন্ন খাতে পদক্ষেপ বাস্তবায়ন শুরু হয়েছে।
সরকারের দাবি অনুযায়ী, ইতোমধ্যে ৩৭ হাজার ৫৬৭ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হয়েছে, যার মাধ্যমে মাসিক ২ হাজার ৫০০ টাকা সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া ১০ জেলার ২২ হাজার কৃষককে ‘কৃষক কার্ড’ বিতরণ এবং প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে।
জ্বালানি ও অবকাঠামো খাতে ৫৪ জেলায় ২০ হাজার কিলোমিটার নদী-খাল খনন, রুফটপ সোলারের মাধ্যমে জাতীয় গ্রিডে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ সংযোজন এবং জ্বালানি ব্যবস্থাপনায় ‘ফুয়েল কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষা খাতে পুনঃভর্তি ফি বাতিল, শিক্ষাবৃত্তির অর্থ দ্বিগুণ, ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ, স্কুলে খেলাধুলা বাধ্যতামূলক করা এবং ২ লাখ শিশুকে স্কুল ড্রেস ও জুতা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
স্বাস্থ্য খাতে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে, যাদের ৮০ শতাংশ নারী হবে। একই সঙ্গে ‘ই-হেলথ কার্ড’ চালু ও হাসপাতালে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।
অর্থনীতি ও বিনিয়োগে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া বিদেশি বিনিয়োগ সহজ করা, নতুন শ্রমবাজার খোঁজা এবং প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের উদ্যোগও রয়েছে।
মাহদী আমিন বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের আস্থা ফিরিয়ে এনেছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নই সরকারের মূল লক্ষ্য।”
