মোহামেডান স্পোর্টিং ক্লাব
বকেয়া বেতনের দাবিতে ধর্মঘটে ফুটবলাররা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪০ পিএম
ছবি: ফুটবলারদের ধর্মঘটের কারণে প্র্যাকটিস বন্ধ থাকায় মোহামেডান ক্লাবের ফাঁকা মাঠ
বকেয়া বেতনের দাবিতে অনুশীলন বর্জন করেছেন দেশের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবলাররা। অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে গেছেন অধিনায়ক মেহেদী হাসান মিঠুসহ দলের সদস্যরা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে প্র্যাকটিস সেশন শুরুর আগেই ধর্মঘটের সিদ্ধান্ত জানিয়ে মাঠ ছেড়ে চলে যান মোহামেডানের ফুটবলাররা।
এদিকে, দীর্ঘদিন পর আগামী ৯ মার্চ ক্লাবটির দুই বছর মেয়াদি কার্যকরি কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সোমবার এ বিষয়ে ক্লাব প্রাঙ্গণে সংবাদ সম্মেলনও হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালে। দুই বছর পরপর নির্বাচন আয়োজনের বিধান থাকলেও প্রায় পাঁচ বছর পূর্ণ হতে যাচ্ছে। নির্ধারিত সময় অতিবাহিত হলে নির্বাচন আয়োজনের জন্য আদালতের অনুমতি প্রয়োজন। আর সেক্ষেত্রে আদালত মার্চের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা দিয়েছে।
ক্লাবের সাবেক পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া এই নির্বাচনের মাধ্যমে মোহামেডানকে ঢেলে সাজানোর আশাবাদ ব্যাক্ত করেছেন। তিনি আশা প্রকাশ করেন, একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে, যার মাধ্যমে ক্লাবকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
কিন্তু, কার্যকরি কমিটির নির্বাচনের মাধ্যমে ক্লাব কর্তৃপক্ষ যখন নতুনভাবে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করছে, ঠিক তখনই অনুশীলন বর্জনের ঘোষণা দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন মোহামেডানের ফুটবলাররা। ক্লাবের খেলোয়াড়রা জানিয়েছেন, খেলোয়াড়-কোচ সবার চার মাসের বেতন বকেয়া রয়েছে।
আর ক্লাবের ফুটবল টিমের অধিনায়ক মেহেদী হাসান মিঠু অনুশীলন বর্জনের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বকেয়া পরিশোধ না হওয়া পর্যন্ত তারা মাঠে ফিরবেন না।
