ফকির ইলিয়াসের এক জোড়া কবিতা
ফকির ইলিয়াস
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৯:৪৭ এএম
ফকির ইলিয়াসের এক জোড়া কবিতা
অনেক মানুষের ভিড়ে
কারও কারও ইচ্ছে হয় আগুন হয়ে যেতে। কারও
কারও প্রশ্ন জাগে মনে, আমি কী পূর্বজনমে ঝড়
ছিলাম! কিংবা বারুদ ! অথবা ঢেউয়ের কণা !
না কী আমি অন্য কোনো মানুষ হয়ে,
খুঁজেছিলাম যুদ্ধাহত মুক্তিযোদ্ধার অজানা ঠিকানা !
পানিপথের যুদ্ধ থেকে প্রথম বিশ্বযুদ্ধ-
মানুষকে কী দিয়েছিল শান্তি-সাম্য-স্বপ্নের পরশ
যে শিশু যুদ্ধের আওয়াজ শোনে জন্ম নেয়,
তাকে কী বলে দেয়া যায়,সান্ত্বনার জল- মুখে
কী লজ্জায় দেখানো যায়,
যুদ্ধবাজদের কুখ্যাতির যশ !
ভিড় বাড়ে মানুষের,
ভিড় কমে যায়।
থোকা থোকা রক্তগোলাপ
একটি আহত চন্দ্রকে বুকে টেনে
গভীরে ঘুমায় ।
মুগ্ধতার ঘাসগুচ্ছ
ভিজে যাচ্ছে তোমার পা। আলতার আলোয়
ভেসে উঠছে সূর্যের মুখ। জেগে উঠছে আমার
স্বাধীনতা,আঁকড়ে ধরার আয়ু আর নিঃশ্বাসের প্রকার।
এই যে মাটিতে তুমি পা রাখছো,
তা প্রাণের বিনিময়ে কেনা!
এই যে হাওয়ায় তুমি ওড়াচ্ছো চুল,
সেই হাওয়ার কাছে আমাদের অনেক দেনা!
আমাদের মায়েরা একদিন-
সেই দেনা শোধ করতেই
পৃথিবীর সকল বুলেটকে তুচ্ছ ভেবেছিলেন।
