স্বাভাবিক জীবনে ফিরছে তেহরান
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৬, ১০:০৩ পিএম
ছবি: সংগৃহীত
গত ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনে তেহরানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে তেহরানের এক কর্মকর্তা জানিয়েছে, রাজধানীর যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোর ৮০ শতাংশ এরই মধ্যে মেরামত করা সম্ভব হয়েছে।
বুধবার (১৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।
ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) জানিয়েছে, ইরানের রাজধানীর যুদ্ধবিধ্বস্ত প্রায় ৮০ শতাংশ স্থান মেরামত করা হয়েছে।
তেহরানের ডেপুটি গভর্নর সাইয়েদ কামালউদ্দিন মিরজাফারিয়ানকে উদ্ধৃত করে বলা হয়েছে, “তৃতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় মার্কিন-জায়নবাদী হামলায় তেহরান প্রদেশের ৬০ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে।”
প্রাথমিক হিসাব অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে প্রায় ২৭০ বিলিয়ন ডলারের প্রত্যক্ষ ও পরোক্ষ ক্ষয়ক্ষতি হয়েছে। এই সামরিক সংঘাতে দেশটির সেতু, বন্দর, রেল যোগাযোগ ব্যবস্থা, বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্রগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রের পাশাপাশি বিপুল সংখ্যক হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
