আসাদ উল্লাহ’র এক জোড়া কবিতা
আসাদ উল্লাহ
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৯:৪৪ এএম
আসাদ উল্লাহ’র এক জোড়া কবিতা
বাঙালির মুক্ত নিঃশ্বাস
শিশুটি হামাগুড়ি দিয়ে খেলা করছে উঠোনে
ভালোবেসে ধুলিবালি মাখছে গায়ে।
স্বাভাবিক শিশুদের কাছে বিষয়টিও স্বাভাবিক
এবং বড়রা এরূপ দৃশ্যে প্রতিদিন অভ্যস্ত।
কে জানতো এই স্বাভাবিকতার ভেতর খেলা করছে- আরেক বিস্ময়কর শিশু-স্বপ্ন- ইতিহাস
কে জানতো শিশুটি ভালোবাসে পাখির পালক
উদার আকাশ, অবাধ সাঁতার, মর্মমূলে তার স্বপ্ন স্বাধীনতার।
কে জানতো টুঙ্গীপাড়ার শিশুটিই বাঙালির মুক্ত নিঃশ্বাস
পবিত্র মাটির ঘ্রাণ, মুজিবুর নামে বাঙালির বুক ভরা বিশ্বাস।
তবু আশা বেঁধে রাখি
তবুও আমরা খুঁজি পুষ্পিত ভোর, এক চিলতে মিঠে রোদ
খুঁজি কুসুমিত নারীর ভালোবাসা ঝরা প্রিয় বাংলাদেশের মুখ।
পৃথিবীর সব স্বজনের চোখে গজিয়েছে বন্য মহিষের ভয়ানক শিং
তারা বেরিয়ে আসে গুহা থেকে, গাত্রাবরণে গাছের বাকল!
ছাত্র-ছাত্রী ভুলে গেছে শিক্ষকের অপার ভালোবাসা- অপরিশোধ্য ঋণ
শিক্ষক ভুলে গেছে আরাধনার বদলে কবেই হয়ে গেছে নষ্ট রাজনীতিক,
এখন আর মাতা বলে না সূর্যাস্তের আগেই ঘরে ফিরবি খোকা
সন্তান হয়ে গেছে ভুল পথিক, পিতা ও মাতার গুপ্ত ঘাতক!
আমরা নামি সমাজ বদলের শ্লোগান কণ্ঠে প্রশস্ত পথে
দেখি পথে পথে ভালোবাসার নামে সব চতুর দেহব্যবসায়ী,
পথ আরো প্রশস্ত হয় নাগ ফণার মতো অন্ধকারের হাত ধরে।
আমরা জানি কে চোর, কে খুনি, কে ডাকাত, কে রাষ্ট্রদ্রোহী-
তবু লাইনে দাঁড়াই, হাত মেলাই, সেলফি তুলি, ভোটেই তৃপ্তির ঢেকুর তুলি।
রাজনীতি আজ চাটনি বানিয়ে খেয়ে ফেলছে সবুজ গ্রাম, শোভন শহর-
খাচ্ছে, খাচ্ছে আর শিশুর হিসুর মতো অনর্গল বমি করছে নীতিকথা,
এখন আর শিশু বড় হয়ে মানুষ হয় না স্বদেশের প্রদীপ্ত স্বপ্ন নিয়ে।
তবুও আমরা খুঁজি পুষ্পিত ভোর, এক চিলতে মিঠে রোদ
খুঁজি কুসুমিত নারীর ভালোবাসা ঝরা প্রিয় বাংলাদেশের মুখ।
