পঞ্চগড় সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১০ জনকে ফেরত নিলো বিএসএফ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১১:০৩ এএম
ছবি: সংগৃহীত
সীমান্তে বিএসএফ পুশইনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিজিবির প্রতিরোধে ব্যর্থ হয়ে চার দিনের মাথায় পঞ্চগড় সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা শিশুসহ ১০ জনকে ফেরত নিয়েছে বিএসএফ।
সোমবার (৮ জুন) সকালে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, গত শুক্রবার ভোররাতে পঞ্চগড়ের হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। ওই ঘটনার পর চার দিন ধরে সীমান্তের জিরো লাইনে শিশুসহ ১০ জন আটকে ছিলেন। পরে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ভারতের টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ফেরত নিয়ে যায়।
স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে সীমান্তের বাতি বন্ধ করে তাদের নিয়ে যায় বিএসএফ। স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী বলেন, রোববার দিবাগতরাত ১২টার দিকে বিএসএফ একবার তাদের নিয়ে যায়, পরে আবার সীমান্তে ফিরিয়ে আনে। এরপর বিজিবিকে জানিয়ে রাত ২টা থেকে আড়াইটার মধ্যে সীমান্তের বাতি বন্ধ করে ১০ জনকে নিয়ে যাওয়া হয়। এ সময় শিশুদের কান্নাকাটি শোনা গেলেও তাদের টেনে নিয়ে যাওয়া হয়। পরে সকালে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক ছিল।
নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিএসএফ তাদের নিয়ে যাওয়ার সময় বিজিবিকে অবগত করে নিয়ে গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে আছেন।
