×

রংপুর

এএইউবি’র হাত ধরে মহাকাশ জয়ের স্বপ্ন দেখছে উত্তরের শিক্ষার্থীরা

Icon

রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৬, ১০:৫২ পিএম

এএইউবি’র হাত ধরে মহাকাশ জয়ের স্বপ্ন দেখছে উত্তরের শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

দেশের উত্তরাঞ্চলের সীমান্ত জেলা লালমনিরহাটে এখন শুধু ফসলের মাঠ কিংবা সীমান্ত রেখা নয়, ডানা মেলছে মহাকাশ জয়ের স্বপ্ন। বিশেষায়িত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএএইউবি) তার গৌরবময় পথচলার সপ্তম বছরে পদার্পণ করেছে।

শনিবার (২ মে) লালমনিরহাট সদরের হাড়িভাঙ্গায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয় এই প্রতিষ্ঠাবার্ষিকী। অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, এই বিশ্ববিদ্যালয় থেকে পাস করা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানীরাই একদিন বাংলাদেশের বিমান ও মহাকাশ প্রযুক্তিকে বিশ্বের দরবারে তুলে ধরবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে  কালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, "লালমনিরহাটের এই মাটি থেকেই একদিন দেশের বিমান ও স্যাটেলাইট প্রযুক্তির বিপ্লব ঘটবে। এই বিশ্ববিদ্যালয়টি কেবল একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি উত্তরাঞ্চলের শিক্ষা ও অর্থনীতিতে এক নতুন দিগন্ত। এখানকার শিক্ষার্থীরা তাদের মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের এভিয়েশন সেক্টরকে স্বয়ংসম্পূর্ণ করবে।"

মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের আধুনিক ল্যাবরেটরি ও গবেষণাগারগুলো পরিদর্শন করেন।

তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী গবেষণার প্রশংসা করে বলেন, সেদিন আর বেশি দূরে নয়, যখন আমাদের দেশের মহাকাশ গবেষণার নেতৃত্ব দেবে এই লালমনিরহাটের শিক্ষার্থীরা।

উক্ত অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে বৃহত্তর রংপুর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও জীবনযাত্রার মানে ব্যাপক পরিবর্তন আসতে শুরু করেছে। স্থানীয়দের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি উচ্চশিক্ষার এক নতুন পরিবেশ তৈরি হয়েছে এই অবহেলিত জনপদে। বিশেষ করে মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়িভাঙ্গায় স্থায়ী ক্যাম্পাস চালুর পর থেকে পুরো এলাকার চিত্র বদলে যেতে শুরু করেছে।

সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিশেষ এভিয়েশন ম্যাগাজিন ‘স্পেস অ্যান্ড বিয়ন্ড’-এর বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের সাফল্য ও অর্জন নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজিব প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান এবং জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক।

উল্লেখ্য, ২০১৯ সালে ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে ক্ষুদ্র পরিসরে যাত্রা শুরু করলেও, ২০২২ সালের জুলাই মাসে লালমনিরহাটে স্থায়ী ক্যাম্পাসে এর একাডেমিক কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হয়। বর্তমানে চারটি অনুষদের অধীনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে কয়েকশ শিক্ষার্থী মহাকাশ বিজ্ঞান ও বিমান প্রকৌশল নিয়ে পড়াশোনা করছেন, যারা আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ এনসিপিকর্মী গ্রেপ্তার

ইয়াবাসহ এনসিপিকর্মী গ্রেপ্তার

প্রতিবাদ থেকেই এবি পার্টির উত্থান

মঈন খান প্রতিবাদ থেকেই এবি পার্টির উত্থান

মাছ ধরে ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল জেলের

মাছ ধরে ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল জেলের

কনসার্টে নিজেকে ‘মৃত’ ঘোষণা জনপ্রিয় গায়কের!

কনসার্টে নিজেকে ‘মৃত’ ঘোষণা জনপ্রিয় গায়কের!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App