কীটনাশক পান করে গৃহবধূর আত্মহত্যা
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০২:৪৯ পিএম
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিষপানে শুকুমনি (২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রোববার (৭ জুন) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের জোগসাদি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি একই গ্রামের মহিলালের স্ত্রী।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, রোববার রাতে স্বামীর বাড়িতে রাতের খাবার খাওয়ার পর সবার অগোচরে শুকুমনি কীটনাশক পান করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাঁকে উদ্ধার করে রাত ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে রাজশাহীতে নেওয়ার পথে রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
পরে গোমস্তাপুর থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
