নৌপথে চাঁদাবাজি বন্ধের দাবি, জাহাজ শ্রমিকদের মানববন্ধন
এইচ এম নাহিদ, ভোলা প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৪:১০ পিএম
ছবি: সংগৃহীত
“দুনিয়ার মজদুর এক হও, নৌ-পথে জাহাজী শ্রমিক এক হও” এই শ্লোগানকে সামনে রেখে ভোলায় নৌপথে চলাচলকারী বাল্কহেড জাহাজী শ্রমিকদের ওপর কথিত ‘পাইলট বাহিনী’র জুলুম, নির্যাতন, চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধের দাবিতে মানববন্ধন ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) বেলা ১১টায় ভোলা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন, ভোলা জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ভোলা জেলা অতিক্রম করে সী-বিচ চরপাড়া, চট্টগ্রাম বন্দরসহ দেশের বিভিন্ন নৌপথে চলাচলকারী বাল্কহেড জাহাজ ও নৌ-শ্রমিকরা নিয়মিত জুলুম ও চাঁদাবাজির শিকার হচ্ছেন। বিশেষ করে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর ইলিশা ও তুলাতলী ঘাট এলাকায় ‘কথিত পাইলট’ বাহিনীর সদস্যরা জাহাজ আটকে রেখে মোটা অঙ্কের চাঁদা আদায় করছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শ্রমিকদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ ওঠে।
বক্তারা বলেন, এ চাঁদাবাজির মূল হোতা ‘চর খেকো’ ও জলদস্যু চকেট জামাল। তাঁর নেতৃত্বে সন্ত্রাসী মফিজ ও সবুজ বাহিনী দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চালিয়ে আসছে। এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধনে শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। ইলিশা ও তুলাতলীতে পাইলট বাহিনীর নামে চাঁদাবাজি ও হয়রানি বন্ধ না হলে সারা দেশে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হবে। একইসঙ্গে তারা নদীতে সাধারণ জেলেদের অবাধ মৎস্য আহরণ নিশ্চিত করা এবং নদীপথের পয়স্তি জমির মালিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন, ভোলা জেলা শাখার সভাপতি বিল্লাল গোলদারের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কার্যকরী সভাপতি শাহাবুদ্দিন ও সদস্য ইব্রাহিম মাঝিসহ স্থানীয় শ্রমিক নেতারা।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত চকেট জামালের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
