শুরু হচ্ছে ‘কবি’ সিনেমার শুটিং
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক : জোর প্রস্তুতি চলছে ‘কবি’ সিনেমার। কলকাতায় ব্যস্ত সময় পার করছেন সিনেমাটির কলাকুশলীরা। আগামী দু-একদিনের মধ্যে সিনেমাটির শুটিং শুরু হবে। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত সিনেমা ‘কবি’। সিনেমাটিতে অভিনয় করছেন চিত্রনায়ক শরীফুল রাজ আর তার বিপরীতে থাকছেন কলকাতার নায়িকা ইধিকা পাল। বর্তমানে কলকাতায় এই সিনেমার অভিনয়শিল্পীদের নিয়ে একটা কর্মশালা চলছে। ‘কবি’ সিনেমার গল্প ভালোবাসা ও অ্যাকশনধর্মী। সিনেমাটির বেশির ভাগ গল্প এগিয়েছে কলকাতা শহরকে ঘিরে। সেখানকার বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্য ধারণ করা হবে। ইধিকা এর আগে শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করেছেন। এটি বাংলাদেশে তার দ্বিতীয় সিনেমা। সিনেমাটিতে আরো অভিনয় করবেন মিশা সওদাগর, কলকাতার খরাজ মুখোপাধ্যায়, অনন্যা বিশ্বাসসহ অনেকেই। শরীফুল রাজ অভিনীত ‘পরান’, ‘হাওয়া’, ‘দামাল’ সিনেমাগুলো দর্শকনন্দিত হয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ওমর’ ও ‘দেয়ালের দেশ’ নামে দুটি সিনেমা।
