দোহাজারী-কক্সবাজার রেলপথ : দক্ষিণ এশিয়ার প্রথম এলিফ্যান্ট ওভারপাস দেখতে ভিড়
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
এরশাদ হোসাইন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : উপর দিয়ে চলাচল করবে হাতি আর নিচ দিয়ে যাবে ট্রেন। উদ্বোধনের অপেক্ষায় সরকারের মেগা প্রকল্প দোহাজারী কক্সবাজার রেললাইনে চট্টগ্রামের লোহাগাড়ার প্রান্তে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে নির্মিত হয়েছে দক্ষিণ এশিয়ার প্রথম বিস্ময়কর এলিফ্যান্ট ওভারপাস, যার উচ্চতা সাড়ে ৯ মিটার এবং ১৩৯ মিটার প্রশস্ত। ইতোমধ্যে ওভারপাসের নির্মাণ কাজ শেষ হয়েছে। রেললাইনের দুই পাশে তৈরি করা হচ্ছে সুরক্ষা ব্যারিয়ার। বিস্ময়কর ওভারপাস দেখতে প্রতিনিয়ত ভিড় করছেন স্থানীয়রা।
দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১শ কিলোমিটার রেললাইনে চুনতি, ফাঁসিয়াখালী ও মেধাকচ্ছপিয়ায় তিনটি বন্যাপ্রাণী অভয়ারণ্যের মাঝ দিয়ে গেছে রেললাইন। এর প্রায় ১০ কিলোমিটার অংশ অভয়ারণ্যের অভ্যন্তরে পড়েছে। এই অংশে তিনটি আন্ডারপাস ও একটি ওভারপাস নির্মাণ করা হয়েছে।
পরিবেশেবাদী সংগঠনগুলোর দাবির প্রেক্ষিতে হাতি চলাচলের পথ চিহ্নিত করে বনের ভেতরে এলিফ্যান্ট ওভারপাস ও আন্ডারপাসগুলো নির্মাণ করা হয়। রেলওয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই প্রথম এ ধরনের স্থাপনা করা হয়েছে।
রেললাইন প্রকল্প বাস্তবায়নের ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের প্রজেক্ট ইঞ্জিনিয়ার হারুনর রশীদ বলেন, এলিফ্যান্ট ওভারপাসের কাজ শেষ। দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম এ ধরনের স্থাপনা নির্মিত হলো। হাতি যাতে নির্বিঘেœ চলাচল করতে পারে, সেভাবে তৈরি করা হয়েছে এলিফ্যান্ট ওভারপাস। পাশাপাশি দুই পাশে সুরক্ষা ব্যারিয়ার তৈরি করা হচ্ছে।
চুনতি বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, সিসি ক্যামেরার মাধ্যমে দুই বছরের বেশি সময় ধরে হাতি চলাচলের স্থান পর্যালোচনা করে এলিফ্যান্ট ওভারপাস করা হয়েছে। ওভারপাসে হাতির পছন্দের কলাগাছসহ রোপণ করা হয়েছে প্রায় ২০ প্রজাতির চারাগাছ।
নির্মাণ শ্রমিকরা জানায়, এলিফ্যান্ট ওভারপাস নির্মাণ কাজ প্রায় শেষ। এখন শেষ পর্যায়ের কিছু কাজ বাকি আছে, সেগুলো পরীক্ষামূলক রেল চলাচলের আগেই শেষ হবে। এই অভয়ারণ্যগুলো হাতি চলাচলের পথ হিসেবে পরিচিত। তাই ওভারপাসের ওপর প্রাকৃতিকভাবে কলা, কাঠবাদাম, কাঁঠালসহ ২০ প্রজাতির গাছ রোপণ করা হয়েছে। মূলত পরিবেশবাদী সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে করা হয় বনের ভেতর এলিফ্যান্ট ওভারপাস।
স্থানীয়রা জানায়, হাতির জন্য ওভারপাস এমনটা আগে কখনো দেখা হয়নি। ফলে এটা দেখার জন্য আলাদা আগ্রহ আছে। আবার সে ওভারপাস দিয়ে এরই মধ্যে হাতি চলাচল শুরু করেছে। পরিবেশবাদী সংগঠন আইইউসিএন সমীক্ষা করে
১০০ কিলোমিটার রেলপথের মধ্যে ৭টি স্থায়ী ও ৮টি অস্থায়ী হাতি চলাচলে পথ বা করিডোর চিহ্নিত করে। এই পথ দিয়ে আগামী ১৫ অক্টোবর চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন যাবে।
