×

শেষের পাতা

সাবের হোসেন চৌধুরী : ৭ মার্চে বাংলাদেশের শুধুই বিজয় দেখেছিলেন বঙ্গবন্ধু

Icon

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাবের হোসেন চৌধুরী : ৭ মার্চে বাংলাদেশের শুধুই বিজয় দেখেছিলেন বঙ্গবন্ধু
কাগজ প্রতিবেদক : ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেছেন, যে কোনো প্রতিযোগিতা কিংবা যুদ্ধে হারজিত থাকবেই। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনো পরাজয়ের কথা চিন্তা করেননি। তার শতভাগ আত্মবিশ্বাস ছিল বাংলাদেশ স্বাধীন হবেই। এজন্যই তিনি ঐতিহাসিক সাতই মার্চের ভাষণে বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার সেই ভাষণে এদেশের সব ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ উজ্জীবিত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বিজয় ছিনিয়ে এনেছিলেন। সেই সঙ্গে বাস্তবে রূপান্তর ঘটেছিল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর আত্মবিশ্বাসেরও। গতকাল শুক্রবার বিকালে রাজধানীর নন্দীপাড়া কবরস্থান সংলগ্ন মাঠে স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নন্দীপাড়া ক্রীড়া সংঘ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে নাজিম একাদশ ও রাইয়াতুল ফাউন্ডেশন একাদশ অংশ নেয়। পরে সাবের হোসেন চৌধুরী চ্যাম্পিয়ন নাজিম একাদশ ও রানার্সআপ রাইয়াতুল ফাউন্ডেশন একাদশের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ ম্যাচ উপহার দেয়ার জন্য উভয় দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানান। এর আগে, বেলুন উড়িয়ে ফাইনাল খেলার উদ্বোধন ঘোষণা করেন ঢাকা-৯ আসনের সাংসদ। ৭৪ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মামুন রশিদ শুভ্র, ৭৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজিজুল হক, ৭৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক জিয়া, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাস, মুগদা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাহার প্রমুখ। এ ছাড়াও স্থানীয় ওয়ার্ড ও থানা পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সাবের হোসেন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সারাজীবন শ্রদ্ধা জানানোর পাশাপাশি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ উপহার দেবেন। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশ যে গতিতে এগিয়ে যাচ্ছে, সেই দিন হয়তো আর বেশি দূরে নেই। তিনি আরো বলেন, বর্তমান সময়ে ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় খেলা। শহর থেকে গ্রামে সব জায়গায় এটি ছড়িয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় নন্দীপাড়া ক্রীড়া সংঘ গত কয়েক বছর ধরে এই ক্রিকেট টুর্নামেন্টর আয়োজন করে আসছে। কিন্তু এখানে কোনো স্বতন্ত্র খেলার মাঠ নেই। আগামী ১ বা ২ বছরের মধ্যে এখানে স্বতন্ত্র একটি খেলার মাঠের ব্যবস্থা করে দেয়া হবে। ইতোমধ্যে একটি প্রাথমিক জমি দেখা হয়েছে। সবধরনের কাগজপত্র ঠিক থাকলে দ্রুতই বরাদ্দের ব্যবস্থা করা হবে। শুধু তাই নয়, এই এলাকার সামগ্রিক উন্নয়ন করা হবে। ইউনিয়ন থেকে যেহেতু কিছুদিন আগে এলাকাটি সিটি করপোরেশনের আওতায় এসেছে, দ্রুতই নগর এলাকার সব সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। সাবের হোসেন চৌধুরী বলেন, উন্নত বাংলাদেশের সঙ্গে তাল মিলিয়ে উন্নত হবে নন্দীপাড়া। এজন্য জনসাধারণেরও উচিত জনপ্রতিনিধিদের সবধরনের সহযোগিতা করা। কেননা, কারো একার পক্ষে সবকিছু করা সম্ভব হয় না। সমন্বিতভাবে কাউকে যখন সহযোগিতা করা হয়, তখন সে হয়তো প্রত্যাশা পূরণ করতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাফের হ্যাটট্রিক শিরোপা হাতছাড়া বাংলাদেশের

সাফের হ্যাটট্রিক শিরোপা হাতছাড়া বাংলাদেশের

‘ব্রাজিল সেতু’ ও ‘আর্জেন্টিনা সেতু’ ঘিরে উৎসবের আমেজ

ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ‘ব্রাজিল সেতু’ ও ‘আর্জেন্টিনা সেতু’ ঘিরে উৎসবের আমেজ

মহম্মদপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি

মহম্মদপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি

জীবিকার সন্ধানে বের হয়ে ঝরলো দুই প্রাণ

জীবিকার সন্ধানে বের হয়ে ঝরলো দুই প্রাণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App