সাফের হ্যাটট্রিক শিরোপা হাতছাড়া বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১০:০৩ পিএম
ছবি- সংগৃহীত
টানা দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশের সামনে ছিল হ্যাটট্রিকের সুযোগ। কিন্তু এবার আর তা হলো না। ভারতের গোয়ায় সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিকদের কাছে ৩-১ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে সাবিনা-ঋতুপর্ণারা। এর আগে ২০১৬ সালের ফাইনালেও ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ।
গত দুই আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হলেও এবার শুরু থেকেই চেনা ছন্দে ছিল না বাংলাদেশ। গ্রুপ পর্বেও ভারতের কাছে ৩-০ গোলে হেরেছিল টাইগ্রেসরা। ফাইনালেও রক্ষণ ও গোলকিপিংয়ের চরম ব্যর্থতায় তিনটি গোল হজম করতে হয়েছে। বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করেন ঋতুপর্ণা চাকমা।
ব্রিটিশ কোচ পিটার বাটলারের দলের সবচেয়ে বড় দুর্বলতা ছিল রক্ষণভাগ ও গোলকিপিং। ফাইনালে সেই খেসারতই দিতে হলো। ভারতের তিনটি গোলের মধ্যে দুটিতেই ছিল গোলরক্ষক মিলি আক্তারের ভুল, আর একটিতে ডিফেন্ডার আফিদা খন্দকারের।
ম্যাচের ৪২ মিনিটে প্রথম গোল পায় ভারত। একটি সাধারণ আক্রমণে পোস্ট ছেড়ে সামনে বাড়িয়ে আসেন গোলরক্ষক মিলি। সেই সুযোগে বক্সের বাইরে থেকে মিলির মাথার ওপর দিয়ে বল জালে পাঠান ভারতের পিয়্যারী সাকা। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে দারুণ এক কোনাকুনি শটে বাংলাদেশকে সমতায় ফেরান ঋতুপর্ণা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার ম্যাচ নিয়ন্ত্রণে নেয় ভারত। ৪৯ মিনিটে কর্নার থেকে লাফিয়ে হেডে গোল করেন ভারতের সানফিদা। বাংলাদেশের ডিফেন্ডাররা তাকে বাধা দিতে পারেননি, বল ঠেকাতে ব্যর্থ হন গোলরক্ষক মিলিও।
২-১ এ পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। তবে ঋতুপর্ণারা তেমন কোনো আক্রমণই শাণাতে পারেননি। উল্টো ৮২ মিনিটে ডিফেন্ডার আফিদা খন্দকার বল ক্লিয়ার করতে গিয়ে ভুল করে বসেন। তার পায়ে লেগে বল পান ভারতের ফরোয়ার্ড কমলা দেবী, সেখান থেকে নিখুঁত শটে ৩-১ করে ভারতের শিরোপা নিশ্চিত করেন তিনি।
