‘হাদীর খুনী ডিপ স্টেটহলে জড়িত নাহিদ গং’
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পিএম
ছবি: সংগৃহীত
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, ‘হাদীর হত্যাকাণ্ডে “ডিপ স্টেট” জড়িত হলে নাহিদ গং দায় এড়াতে পারে না। কারণ তারা তথ্য গোপন রেখেই নির্বাচনে অংশ নিয়েছে। সংশ্লিষ্টদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। প্রয়োজনে ইউনূস ও তার উপদেষ্টাদেরও আইনের আওতায় আনা উচিত।’
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘৯ কোটি ভোটার ‘না’-এর পক্ষে’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা, সদস্য নাজিয়া খুশি প্রমুখ।
তিনি অভিযোগ করেন, কিছু ছাত্রনেতা জুলাইয়ে জাতির সঙ্গে প্রতারণা করে পরে ভিন্ন ভিন্ন সংগঠনের পরিচয়ে নতুন দল গঠন করেছে। ছাত্র পরিচয়ের আড়ালে তারা দেশবিরোধী এজেন্ডা বাস্তবায়নে যুক্ত ছিল বলেও দাবি করেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, হাদী সত্য প্রকাশ করতে শুরু করায় তাকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি বলেন, ‘জুলাই ইস্যুকে পুঁজি করে এনসিপি ক্ষমতায় আসতে চাচ্ছে, যা অন্যায়।’
মোমিন মেহেদী বলেন, সংসদের বৈধতা নিয়ে এনসিপি নেতাদের বক্তব্য কোট করে আরো বলেন— তারা বলছে,সমঝোতার মাধ্যমে ইউনূস বিএনপিকে ক্ষমতায় বসিয়েছেন। তিনি বলেন, যদি এমনটি সত্য হয়, তবে এনসিপি, জামায়াত ও বিএনপি সব দলের সংসদ সদস্যদের বৈধতাই প্রশ্নবিদ্ধ হয়।
তিনি আরো বলেন, এনসিপি স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে জোট করেছে এবংযারা বাংলাদেশ চায়নি, তারা এখন বাংলাদেশের ক্ষমতায় আসার জন্য নির্মমতায় মেতে উঠছে একের পর এক। তারা সেই লক্ষ্যে দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের দ্বারা স্বাধীনতা বিরোধী দলগুলোর মধ্য থেকে ৭৪ জন সংসদে যাওয়ারও ব্যবস্থা করেছে।
তিনি আরও বলেন, সংসদে গিয়ে এসব দল ‘জুলাইয়ের মতো মুক্তিযুদ্ধেও ইতিহাসের প্রয়োজন নেই’—এমন বক্তব্য দিচ্ছে, যা উদ্বেগজনক। এ পরিস্থিতিতে দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সংশ্লিষ্ট দলগুলোর নিবন্ধন বাতিল এবং একাত্তর ও সাম্প্রতিক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
