দেশে পৌঁছেছে ইরাকে মিসাইল হামলায় নিহত শ্রাবণের নিথর দেহ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৪:০৪ পিএম
ছবি- সংগৃহীত
ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী কর্মী মোহাম্মদ শ্রাবণের মরদেহ দেশে পৌঁছেছে। আজ শুক্রবার (২৯ মে) ভোরে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁর মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সরকারের পক্ষে মরদেহটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ইসলাম ওবায়েদ।
ভোর ৫টা ১৫ মিনিটে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিহতের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বিমানবন্দরে উপস্থিত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এ সময় সরকারের পক্ষ থেকে দাফন-কাফনের খরচ বাবদ নিহতের স্বজনদের হাতে ৩৫ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
নিহত মোহাম্মদ শ্রাবণ মুন্সিগঞ্জ সদর উপজেলার বকুলতলা গ্রামের মোহাম্মদ নলি মিয়ার ছেলে। ১০ বছর আগে জীবিকার সন্ধানে ইরাকের বাগদাদে গিয়েছিলেন তিনি। সম্প্রতি বাগদাদে যুদ্ধ চলাকালে একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি মারা যান। তাঁর এই অকাল ও মর্মান্তিক মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বাগদাদে বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে সরকারি প্রক্রিয়ায় শ্রাবণের মরদেহ দেশে আনা হয়েছে। এর আগে গত ২৫ মে বাগদাদের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) পারভেজ আলম চৌধুরী এক দাপ্তরিক পত্রে মরদেহ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। এরপর ২৭ মে বাগদাদ বিমানবন্দর থেকে তার্কিশ এয়ারলাইন্সের ‘টিকে-০৮৪৩’ ফ্লাইটে মরদেহটি পাঠানো হয়। তুরস্কে দীর্ঘ ট্রানজিট শেষে আজ সকালে ফ্লাইটটি ঢাকায় এসে পৌঁছায়।
