×

জাতীয়

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে অচল স্বাস্থ্য বিভাগের ৪৪৩ গাড়ি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ১২:৩৯ পিএম

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে অচল স্বাস্থ্য বিভাগের ৪৪৩ গাড়ি

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের অর্থায়ন কাঠামো ‘অপারেশন প্ল্যান (ওপি)’ বাতিলের সিদ্ধান্তে দেশের স্বাস্থ্যসেবায় বড় ধরনের সংকট তৈরি হয়েছে। এই সিদ্ধান্তের ফলে গত দুই বছর ধরে স্বাস্থ্য অধিদপ্তরের ৪৪৩টি গাড়ি অচল হয়ে পড়ে আছে। মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বরাদ্দ থাকা এসব গাড়ি চালক ও জ্বালানি সংকটে ব্যবহার করা যাচ্ছে না।

এশিয়া পোস্টের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকার স্বাস্থ্য খাতের ওপি কাঠামো বাতিল করে। এর পর থেকেই গাড়িগুলোর জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায় এবং চালকদের বেতন আটকে পড়ে। ওপি কাঠামোর আওতায় চালকদের বেতন-ভাতা, জ্বালানি ব্যয় ও মাঠপর্যায়ের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হতো। কাঠামো বাতিল হওয়ায় ৪৯৫ জন চালকের বেতন বন্ধ হয়ে যায়। প্রায় ২২ মাস ধরে বেতন না পেয়ে অনেক চালক চাকরি ছেড়ে দিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ও বিভিন্ন জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, এসব গাড়ি মূলত কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন, ওষুধ ও টিকা পরিবহন, মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রম এবং সচেতনতামূলক কর্মসূচিতে ব্যবহৃত হতো। বর্তমানে অধিকাংশ গাড়ি গ্যারেজে পড়ে থাকায় মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান বলেন, জেলার কয়েকটি উপজেলার গাড়ি মাঝেমধ্যে ভাড়ায় চালক এনে চালানো হলেও অধিকাংশ গাড়ি দীর্ঘদিন গ্যারেজে পড়ে থাকায় ইঞ্জিন ও ব্যাটারি নষ্ট হয়ে গেছে।

ফেনীতে জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকটি গাড়ি দীর্ঘদিন অচল পড়ে থেকে নষ্ট হয়ে গেছে। শেরপুরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন জানান, গাড়ি ব্যবহার করা না যাওয়ায় রোগী পরিবহন, জরুরি চিকিৎসা সহায়তা ও নমুনা পরিবহন ব্যাহত হচ্ছে।

সুনামগঞ্জ, বাগেরহাট, নড়াইল, পটুয়াখালী ও বান্দরবানের স্বাস্থ্য কর্মকর্তারাও জানিয়েছেন, গাড়ি ও জ্বালানি সংকটের কারণে মাঠপর্যায়ের সেবা তদারকি কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। অনেক ক্ষেত্রে সীমিত পরিসরে বিকল্প ব্যবস্থায় কাজ চালাতে হচ্ছে।

ওপি বাতিলের প্রভাব পড়েছে রোগ নির্ণয় সেবাতেও। বিভিন্ন জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় রিএজেন্ট ও চিকিৎসা সরঞ্জামের সংকটে গুরুত্বপূর্ণ পরীক্ষা বন্ধ রয়েছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, হরমোন টেস্ট, পিসিআর কিট, ডেঙ্গু টেস্ট ও এক্সরে ফিল্মসহ বিভিন্ন জরুরি উপকরণের অভাবে রোগীদের বাইরে পাঠাতে হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হরমোন টেস্ট বন্ধ রয়েছে। বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম ও এক্সরে সেবাও ব্যাহত হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক লাইন ডিরেক্টর ডা. জয়নাল আবেদীন টিটো বলেন, কোভিড টিকাদান, মা ও শিশুস্বাস্থ্য এবং পুষ্টি কার্যক্রমে এসব গাড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বর্তমানে গাড়িগুলো অচল থাকায় সেবা তদারকি কমে গেছে এবং হামের মতো রোগের প্রাদুর্ভাব বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানিয়েছেন, নতুন ডিপিপি অনুমোদনের প্রক্রিয়া চলছে। প্রকল্প পরিচালক নিয়োগ সম্পন্ন হলে চালকদের বেতন, জ্বালানি সরবরাহ ও অন্যান্য কার্যক্রম পুনরায় চালু করা সম্ভব হবে বলে আশা করছে স্বাস্থ্য বিভাগ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চীনের সহায়তায় বন্ধ কারখানাগুলো চালু করতে চায় সরকার

চীনের সহায়তায় বন্ধ কারখানাগুলো চালু করতে চায় সরকার

দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে কারাগারে প্রেরণ

শাপলা চত্বর হত্যাকাণ্ড দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে কারাগারে প্রেরণ

রূপগঞ্জে হামের সংক্রমণে ৯ মাসের শিশুর মৃত্য

রূপগঞ্জে হামের সংক্রমণে ৯ মাসের শিশুর মৃত্য

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে অচল স্বাস্থ্য বিভাগের ৪৪৩ গাড়ি

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে অচল স্বাস্থ্য বিভাগের ৪৪৩ গাড়ি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App