পে স্কেল
নতুন বেতন কাঠামোতে যাদের পেনশন দ্বিগুণ হতে পারে
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৬:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
নবম পে স্কেলে পেনশনভোগীদের জন্য বড় ধরনের আর্থিক সুবিধার প্রস্তাব করেছে জাতীয় বেতন কমিশন। প্রস্তাব অনুযায়ী, নির্দিষ্ট শ্রেণির পেনশনভোগীদের মাসিক পেনশন দ্বিগুণ করার পাশাপাশি বৈশাখী ভাতা ও টিফিন ভাতার হার বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
জানা গেছে, যাদের মাসিক পেনশন ২০ হাজার টাকার কম, তাদের ক্ষেত্রে ১০০ শতাংশ বা দ্বিগুণ পেনশন বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের জন্য ৭৫ শতাংশ এবং ৪০ হাজার টাকার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ রয়েছে।
বর্তমানে সরকারি কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা পান। নতুন প্রস্তাবে এটি বাড়িয়ে ৫০ শতাংশ করার কথা বলা হয়েছে।
এ ছাড়া ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করার প্রস্তাব এসেছে। শিক্ষা ভাতার ক্ষেত্রেও ১ হাজার ৫০০ টাকা বাড়িয়ে মাসিক ২ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নবম পে স্কেল তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে পে স্কেল পুনর্গঠন কমিটি তাদের সুপারিশ প্রণয়নের কাজ শুরু করেছে এবং শিগগিরই তা সরকারের কাছে জমা দেওয়া হবে।
অর্থ বিভাগের প্রাথমিক খসড়া অনুযায়ী, আগামী অর্থবছরের বাজেটে মূল বেতনের একটি অংশ বাস্তবায়নের জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে। তবে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপ বিবেচনায় পুরো সুবিধা ২০২৮-২৯ অর্থবছরে সম্পূর্ণভাবে কার্যকর করার সম্ভাবনা রয়েছে।
সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন বেতন কমিশন চলতি বছরের জানুয়ারিতে এসব সুপারিশ সম্বলিত প্রতিবেদন জমা দেয়। বর্তমানে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের কমিটি সুপারিশগুলো পর্যালোচনা করছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছর থেকে তিন ধাপে নতুন পে স্কেল বাস্তবায়ন শুরু হতে পারে।
