মির্জা ফখরুল
প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় সরকার
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৬:৫১ পিএম
ছবি : সংগৃহীত
মন্ত্রী বলেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার কাজ করছে। গ্যাস উত্তোলন বাড়াতে আগামী তিন মাসের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু করা হবে।
বর্তমান সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৬ মে) সকালে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে আয়োজিত এক সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিকস রিসার্চ (আইএসটিআর) আয়োজিত এ সংলাপে বিভিন্ন দেশ ও দাতা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
মন্ত্রী বলেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার কাজ করছে। গ্যাস উত্তোলন বাড়াতে আগামী তিন মাসের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু করা হবে।
তিনি আরও বলেন, বিনিয়োগের পথে প্রধান বাধা সরকারি সংস্থাগুলোর ধীরগতি। এ সমস্যা কাটিয়ে দেশকে আরও বিনিয়োগবান্ধব করতে উদ্যোগ নেওয়া হয়েছে। তার মতে, বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্য।
মন্ত্রী জানান, অবকাঠামোগত উন্নয়ন, জ্বালানি খাতের অগ্রগতি এবং নীতিগত সংস্কারের মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য আস্থার পরিবেশ তৈরি হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের স্বাগত জানাতে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে সরকার প্রস্তুত।
তিনি বলেন, টেকসই ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ চলছে এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে। এ সময় তিনি রোহিঙ্গা সংকট সমাধানের পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
রাজনৈতিক পরিস্থিতি আগের তুলনায় অনেক ইতিবাচক বলেও মন্তব্য করেন তিনি। এতে দেশের উন্নয়ন ও কর্মসংস্থান বাড়বে বলে আশা প্রকাশ করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ধারাবাহিকভাবে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। সরকার দেশের শান্তি, স্থিতিশীলতা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে বদ্ধপরিকর।
সমসাময়িক বৈশ্বিক প্রেক্ষাপটে অর্থনীতি, বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতা জোরদারের লক্ষ্যে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশ নেন।
সংলাপে বিদেশি ডেলিগেটসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ ও আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করা হয়।
আলোচনায় অংশগ্রহণকারীরা বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরির বিষয়েও মতামত দেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক, গবেষক ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
