৫ জেলায় বজ্রপাতে ৭ জনের মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৭:২৮ পিএম
ছবি : সংগৃহীত
দেশের পাঁচ জেলায় বজ্রপাতে সাতজনের মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশই মাঠে বোরো ধান কাটার সময় এ দুর্ঘটনার শিকার হন। বুধবার (৬ মে) দুপুর থেকে বিকেলের মধ্যে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে পৃথক এসব ঘটনা ঘটে।
নওগাঁ
নওগাঁর নিয়ামতপুর ও মহাদেবপুর উপজেলায় বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন।
মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের কুড়াপাড়া গ্রামের কৃষক দিলিপ চন্দ্র বর্মণ জমিতে ধান কাটার সময় বজ্রপাতে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে ধান আনার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান অনুকূল চন্দ্র মাহন্ত। একই উপজেলার হাজিনগর ইউনিয়নের খোদ্দচাম্পা গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে এক অজ্ঞাত শ্রমিক নিহত হন। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
ময়মনসিংহ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামে বজ্রপাতে আব্দুর রশিদ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি জমিতে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লালমনিরহাট
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুল্যারহাট এলাকায় ভুট্টাক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে ইউসুফ আলী (৪০) নামে এক কৃষক নিহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুড়িগ্রাম
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বদিজামালপুর গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে ওবাইদুল ইসলাম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
জামালপুর
জামালপুরের দেওয়ানগঞ্জে বজ্রপাতে সোহেল (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের নাজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল নাজিরপুর গ্রামের শুকুর মাহমুদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সোহেল নিজ জমিতে ভুট্টা তোলার কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাজাহান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বৃষ্টির মধ্যে ভুট্টা ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে সোহেল মারা যান।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
