‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১১টা ২২ মিনিটের দিকে তিনি জেলা স্টেডিয়ামে সমাবেশস্থলে পৌঁছান এবং ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
১৫ জন কৃষকের হাতে সরাসরি কার্ড তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী। এরপর জেলার পৌর উদ্যানে কৃষিমেলার উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এছাড়া দুপুর পর মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করারও কথা রয়েছে তার।
ঐতিহাসিক এ কর্মসূচি ঘিরে টাঙ্গাইল শহরে সাজ সাজ রব বিরাজ করছে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে টাঙ্গাইলসহ আশপাশের জেলার নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
এছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন সমাবেশস্থলে প্রিয় নেতাকে দেখার জন্য।
সর্বপ্রথম টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সুরুজ পূর্বপাড়া ব্লকের এক হাজার ৪৫৩ জন কৃষককে কার্ড দেয়া হচ্ছে আপাতত।
এর আগে, আজ সকালে ‘সবার আগে বাংলাদেশ’ বাসটিতে করে সকালে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন তিনি।
কৃষক কার্ডে মিলবে যেসব সুবিধা
কৃষক কার্ড আদতে ব্যাংকিং ব্যবস্থার ডেবিট কার্ড; সোনালী ব্যাংকের স্থানীয় শাখায় সংশ্লিষ্ট কৃষকদের নামে ব্যাংক হিসাব খুলে তার বিপরীতে এ কার্ড তৈরি করা হয়েছে।
এ কার্ডের মাধ্যমে কৃষকরা ১০ ধরনের সুবিধা পাবেন—
• ন্যায্যমূল্যে কৃষি উপকরণ
• ন্যায্যমূল্যে সেচ সুবিধা
• সহজ শর্তে কৃষিঋণ
• স্বল্পমূল্যে কৃষি যন্ত্রপাতি প্রাপ্তি
• সরকারি ভর্তুকি ও প্রণোদনা
• মোবাইল ফোনে আবহাওয়ার পূর্বাভাস ও বাজার তথ্য
• কৃষি বিষয়ক প্রশিক্ষণ
• ফসলের রোগ-বালাই দমনের পরামর্শ
• কৃষি বিমা সুবিধা
• ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রির সুবিধা
কৃষক কার্ডের মাধ্যমে সংশ্লিষ্ট ডিলারের পয়েন্ট অব সেল (পিওএস) মেশিন ব্যবহার করে সার, বীজ,মৎস্য বা প্রাণিখাদ্যসহ বিভিন্ন কৃষি উপকরণ কিনতে পারবেন।
কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানান, দেশের সব কৃষককে পর্যায়ক্রমে এ কর্মসূচির আওতায় আনা হবে। তবে আর্থিক সুবিধা পাবেন কেবল ভূমিহীন, প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষক।
