সাবেক উপদেষ্টাদের বিশেষভাবে ধন্যবাদ জানালেন এলজিআরডি মন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১০:৪৯ এএম
ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ফেইসবুক পোস্টের মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টাদের।
বুধবার (০৪ মার্চ) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ ধন্যবাদ জানান।
ফেসবুক পোস্টে মন্ত্রী লেখেন, ''বিএনপি সরকার গঠন করেছে দুই সপ্তাহ হলো। আমি সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। একই সঙ্গে একনেকের বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমার উপর আস্থা রাখার জন্য । সরকারের কাজ এবং ঠাকুরগাঁও সফরের কারণে গত কয়েক দিন খুব ব্যস্ত সময় কেটেছে।''
আরো পড়ুন: আসিফ মাহমুদের ব্যাংক হিসাব চেয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা
তিনি আরো লেখেন, ''আজ আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার ঠাকুরগাঁওবাসী, দেশের আপামর ছাত্র-জনতা, বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের যারা অনলাইন ও অফলাইনে আমাদের জন্য নিরলস পরিশ্রম করেছেন। ধন্যবাদ জানাই আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, সাংবাদিক ভাই-বোনদের, নির্বাচন কমিশনকে, সরকারের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের, একটি চমৎকার নির্বাচন সম্পন্ন করা, সুষ্ঠুভাবে সরকার গঠন এবং গত দুই সপ্তাহ দেশ পরিচালনায় সহযোগিতা করার জন্য।''
মির্জা ফখরুল লেখেন, ''আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ইউনূস এবং তার উপদেষ্টাদের, আমাদের সশস্ত্র বাহিনী প্রধানদের, যারা নীতিতে অটল থেকে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন এবং একটি গণতান্ত্রিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর নিশ্চিত করেছেন।''
আরো পড়ুন: আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
সবশেষে তিনি আরো লেখেন, ''বর্তমান বৈশ্বিক ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ভবিষ্যৎ অবশ্যই চ্যালেঞ্জিং। ১৭ বছরের বিশৃঙ্খল শাসনের পর একদিনে সবকিছু পরিবর্তন সম্ভব নয়। তবে ইনশাআল্লাহ, আমরা নির্বাচনের আগে জনগণের কাছে যে অঙ্গীকার করেছি, তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব, আল্লাহর রহমত এবং আপনাদের অব্যাহত সমর্থন নিয়ে। বাংলাদেশকে একটি স্থিতিশীল, ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।''
