মীরসরাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০২:২১ পিএম
ছবি: ভোরের কাগজ
চট্টগ্রামের মীরসরাইয়ে উপজেলায় ফারজানা আক্তার প্রিয়া (২৮) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিবার দাবি করছে মানসিক নির্যাতন করে মেরে ফেলা হয়েছে তাকে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ওসমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকায় মহিলা মেম্বার বাড়িতে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশ।
নিহত ফারজানা আক্তার প্রিয়া ওই এলাকার নুরুল আবসারের ছেলে মেসবাহ উদ্দিন রানার স্ত্রী এবং উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নজর আলী ভূঁইয়া বাড়ির মোমিনুল ইসলামের মেয়ে।
জানা গেছে, ১০ বছর আগে মেসবাহ উদ্দিন রানার সঙ্গে ফারজানা আক্তার প্রিয়ার পারিবারিক ভাবে বিবাহ হয়। নিঃসন্তানসহ পারিবারিক নানান কলহ লেগে থাকতো প্রতিনিয়ত। সম্প্রতি আড়াই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। এছাড়া তার স্বামী বিভিন্ন অজুহাতে তাকে মারধর করতো বলে অভিযোগ তার পরিবারের।
ফারজানা আক্তারের ভাই মো. জিদান বলেন, ১০ বছর পূর্বে আমার বোনের বিয়ে হয় মেসবাহ উদ্দিন রানার সঙ্গে। কিন্তু সে বিভিন্ন সময় নেশা করে আমার বোনকে নির্যাতন করতেন। আমার বোন নিঃসন্তান ছিলেন। এখন আড়াই মাসের অন্তঃসত্ত্বা। নির্যাতনের চরম পর্যায়ে পৌঁছে গেলে সে এমন কাজ করেছে। আজ ইফতারের কিছুক্ষণ পর আমার কাছে খবর আসে আমার বোন আত্মহত্যা করেছে। এমন খবর পেয়ে আমি সেখানে যাই। পুলিশ লাশ উদ্ধার করে থানা নিয়ে এসেছে। আমার বোনকে মানসিক নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। এই ঘটনার সুষ্ঠু বিচার চাই আমি।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ফারজানা আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর রহস্য জানা যাবে।
