দুই বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি নাইমা হায়দারের দাখিলকৃত পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। সাংবিধানিক নিয়ম অনুযায়ী তাদের এই অব্যাহতি কার্যকর করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি নাইমা হায়দার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান-এর ৯৬ অনুচ্ছেদ-এর দফা (৮) মোতাবেক রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।’
এর আগে, সোমবার (২ ফেব্রুয়ারি) এক বছর ধরে বিচারকাজের বাইরে থাকা হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে কানাডা থেকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও আইন মন্ত্রণালয়ের ই-মেইলের মাধ্যমে পদত্যাগ করেছেন।
এদিকে, সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার পদত্যাগ করেন। তার পদত্যাগ পত্রটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়।
সেই দিন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘বিচারপতি নাইমা হায়দার গত ৫ ফেব্রুয়ারি স্বহস্তে নিজ স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে স্বীয় পদ হতে পদত্যাগ করার ইচ্ছা পোষণ করে বাংলাদেশের প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এরইমধ্যে, সুপ্রিম কোর্ট হতে পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে প্রেরণ করা হয়েছে।’
