গুজবের মধ্যেও ভোট শান্তিপূর্ণ, কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৬ এএম
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি : সংগৃহীত
গত ছয় মাস ধরে নির্বাচন নিয়ে নানা গুজব ছড়ানো হলেও বাস্তবে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গত ছয় মাস ধরে গুজব শুনছি ভোট হবে না, এটা হবে, সেটা হবে। কিন্তু আজ আপনারা নিজেরাই দেখছেন, চমৎকারভাবে ভোট হচ্ছে। কোথাও কোনো অসুবিধা নেই, কোনো শঙ্কাও নেই।
কমিশনার বলেন, প্রধান উপদেষ্টা একটি ঐতিহাসিক নির্বাচন চেয়েছিলেন এবং এখন পর্যন্ত ভোটের পরিবেশ সেই দিকেই এগোচ্ছে। মানুষ দীর্ঘ ১৭ বছর পর তাদের নাগরিক অধিকার ভোগ করছে। আমিও আনন্দিত। এই ভোটে আমিও অংশগ্রহণ করেছি।
আরো পড়ুন : ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান সেনাপ্রধানের
মো. সাজ্জাত আলী বলেন, সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং এখন পর্যন্ত বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও ফল মেনে নেওয়ার প্রতিশ্রুতি এসেছে। তিনি বলেন, টিভি স্ক্রিনে দেখেছি, উভয় দল বলছে ফল যাই হোক তারা মেনে নেবে। যেহেতু ভোট স্বচ্ছ ও নিরপেক্ষ হচ্ছে, সবাই সেটাই মেনে নেবে।
ডিএমপি কমিশনার আশা প্রকাশ করেন, দিনভর একইভাবে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলবে এবং সুষ্ঠুভাবে ভোট গণনা শেষে ফল প্রকাশ করা হবে।
নিজের ভোটের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ২০১৮ সালে এই কেন্দ্রেই ভোট দিতে এসেছিলাম। তখন আমাকে বলা হলো আমার ভোট ইতিমধ্যেই দেওয়া হয়েছে। সেই অভিজ্ঞতায় গেট থেকেই ফিরে আসতে হয়েছিল। এখন আবার এখানে ভোট দিয়ে আনন্দিত।
