×

আন্তর্জাতিক

৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চিলি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৫:১২ পিএম

৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চিলি

ছবি- সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ চিলির উত্তরাঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (২৫ মে) বিকেলে এই ভূকম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে প্রাথমিক খবর অনুযায়ী, এতে কোনো হতাহত বা চিলি উপকূলে সুনামির আশঙ্কা নেই।

তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু জানায়, চিলির আন্তোফাগাস্তা অঞ্চলে স্থানীয় সময় গতকাল সোমবার বিকেল ৫টা ৫২ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। চিলি বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কালামা শহর থেকে ১২ কিলোমিটার দক্ষিণে। চিলির হাইড্রোগ্রাফিক অ্যান্ড ওশেনোগ্রাফিক সার্ভিস জানিয়েছে, এই ভূমিকম্পের প্রকৃতি এমন নয় যে সুনামি সৃষ্টি হতে পারে।

ভূমিকম্পপ্রবণ ‘প্যাসিফিক রিং অব ফায়ার’-এর ওপর অবস্থানের কারণে চিলিতে প্রায়ই এমন শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়। মূলত নাজকা ও দক্ষিণ আমেরিকান টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণেই এখানে নিয়মিত ভূমিকম্প হয়। চিলির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তথ্য অনুযায়ী, ১৫৭০ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে প্রায় ১০০টি বড় ভূমিকম্প আঘাত হেনেছে। এর মধ্যে অন্তত ৩০টির মাত্রা ছিল ৮ বা তার বেশি। গড়ে প্রতি দশকে অন্তত একটি বড় ভূমিকম্পের মুখোমুখি হয় চিলি।

দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্যোগ ছিল ১৯৬০ সালের ৯ দশমিক ৫ মাত্রার ‘ভালদিভিয়া ভূমিকম্প’। একে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ধরা হয়। সেই সময় সৃষ্ট সুনামির ১০ মিটার উঁচু ঢেউ প্রশান্ত মহাসাগর পেরিয়ে জাপান পর্যন্ত আঘাত হেনেছিল। ওই দুর্যোগে চিলিতে অন্তত দুই হাজার মানুষ প্রাণ হারান।

এর আগে চিলিতে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছিল ২০১০ সালের ২৭ ফেব্রুয়ারি। চিলির ইতিহাসে দ্বিতীয় শক্তিশালী সেই ভূমিকম্পটির মাত্রা ছিল ৮ দশমিক ৮। গভীর রাতে আঘাত হানা সেই ভূমিকম্প ও পরবর্তী সুনামিতে ৫০০ জনের বেশি মানুষ নিহত হন।

তবে চিলির ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী দুর্যোগ ছিল ১৯৩৯ সালের ২৪ জানুয়ারির ‘চিলান ভূমিকম্প’। ৮ দশমিক ৩ মাত্রার ওই ভয়াবহ ভূমিকম্পে চিলান শহরটি প্রায় পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। সরকারি হিসাবে ওই ঘটনায় ২৪ হাজার মানুষ মারা যান, যদিও বেসরকারি হিসাবে প্রাণহানির সংখ্যা ছিল ৩০ হাজারেরও বেশি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আকাশযান ভূপাতিত করল ইরান

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আকাশযান ভূপাতিত করল ইরান

ঈদের দিন ঢাকায় বৃষ্টির সম্ভাবনা

ঈদের দিন ঢাকায় বৃষ্টির সম্ভাবনা

হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু

মেসির চোটের সবশেষ অবস্থা নিয়ে যা জানা গেল

মেসির চোটের সবশেষ অবস্থা নিয়ে যা জানা গেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App