ইরানে মার্কিন হামলার পর স্বর্ণের দাম কমলেও তেলের বাজারে আগুন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৪:৪৬ পিএম
ছবি- সংগৃহীত
ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়ে গেছে। তেলের এই মূল্যবৃদ্ধির কারণে বিশ্ববাজারে দীর্ঘমেয়াদে মূল্যস্ফীতি ও উচ্চ সুদের হারের শঙ্কা তৈরি হয়েছে। আর এর সরাসরি প্রভাব পড়েছে মূল্যবান ধাতুর বাজারে। মঙ্গলবার (২৬ মে) বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ঘটেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, আজ জিএমটি সময় সকাল ৭টা ৩৭ মিনিট পর্যন্ত স্পট গোল্ড বা আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক স্বর্ণের দাম ১ শতাংশ কমেছে। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৫২৪ দশমিক ৭৩ ডলারে। তবে জুনে সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণ ফিউচারের দাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৫২৫ দশমিক ৩০ ডলার হয়েছে।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও আজ বেশ কমেছে। আন্তর্জাতিক বাজারে স্পট সিলভার বা রুপার দাম ২ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৭৬ দশমিক ১২ ডলারে নেমে এসেছে। এছাড়া প্লাটিনামের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৯৪৫ দশমিক ১৬ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৩৭৪ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে।
এদিকে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালি উন্মুক্ত করার বিষয়ে এখনো কোনো সমঝোতা হয়নি। কোনো সমাধান না আসায় আজ এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড বা অপরিশোধিত তেলের আগাম দাম ২ শতাংশ বেড়েছে।
সম্প্রতি দক্ষিণ ইরানে মার্কিন বাহিনী ‘আত্মরক্ষামূলক’ হামলা চালায়। এরপর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে আরও কয়েক দিন সময় লাগতে পারে। বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্য মধ্যপ্রাচ্য সংঘাত দ্রুত অবসান হওয়ার আশাকে নস্যাৎ করে দিয়েছে। যার ফলে তেলের বাজারে অস্থিরতা এবং স্বর্ণের বাজারে এই মন্দাভাব দেখা দিয়েছে।
