ছাত্র-জনতার ওপর হামলা: গাজীপুরে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৭ এএম
ছবি: সংগৃহীত
ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে সারাদেশে যৌথ বাহিনী অভিযান শুরু করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় এই অভিযানের অংশ হিসেবে গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে।
গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) জানিয়েছে, এখন পর্যন্ত গাজীপুর থেকে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ নেয় এবং ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের ঘোষণা দেয়।
এরপর থেকে শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতেই সাড়াশি অভিযান শুরু হয়। গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে যৌথ বাহিনী টহল জোরদার করেছে এবং গাজীপুর জেলা প্রশাসকের অফিসের সামনে চেকপোস্ট বসিয়ে সেনা সদস্যরা মোটরসাইকেলসহ অন্যান্য গাড়ি তল্লাশি করছেন।
গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক জানিয়েছেন, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ৪০ জন আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত শুক্রবার রাতে গাজীপুরের ধীরাশ্রমের দক্ষিণখানে পতিত স্বৈরাচারের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর চালানো হয়। এসময় সমন্বয়কসহ ২৫-৩০ জন ছাত্র ও জনতাকে মোজাম্মেল হকের বাড়িতে ডেকে নেয়ার অভিযোগ ওঠে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
আহতদের দাবি, কৌশলে তাদের বাড়ির ভেতরে প্রবেশ করিয়ে মসজিদের মাইকে ‘ডাকাতি হচ্ছে’ ঘোষণা দিয়ে হামলা চালানো হয়। মুখে মাস্ক পরে, ধারালো অস্ত্র হাতে বেশ কয়েকজনকে মারধর করে পালিয়ে যায় হামলাকারীরা। এতে আহত হন অন্তত ২০ জন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। আহতদের পাঠানো হয় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে। এদেরমধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
এ ঘটনার পর ক্ষোভে ফুঁসছে ছাত্র-জনতা। জড়িতদের দ্রুত বিচার দাবিতে শনিবার সড়কে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করার পাশাপাশি হামলাকারীদের ধরতে আলটিমেটাম দিয়েছেন তারা।
