যেসব জেলায় বইছে শৈত্যপ্রবাহ
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০৭:৪০ পিএম
ছবি: সংগৃহীত
ঘন কুয়াশা ও শীতের দাপটে কাঁপছে গোটা দেশের জনপদ। তিন দিন ধরে অব্যাহত শীতের তীব্রতা রয়েছে রাজধানীতেও। জেঁকে বসা তীব্র শীতের মধ্যে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। তবে উত্তরের জনপদে বরফ ঠাণ্ডা। রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, কুষ্টিয়া জেলা এবং রংপুর বিভাগের ৮ জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
শুক্রবার সারাদিন সূর্যের দেখা মেলেনি ঢাকায়। কুয়াশাচ্ছন্ন ছিলো গোটা রাজধানী। তবে আগের দিন বৃহস্পতিবারের চেয়ে কুয়াশা ও ঠাণ্ডা কম ছিলো। একই অবস্থা দেশের বিভিন্ন অঞ্চলে। ঘণ কুয়াশায়া ঢাকা পড়েছে বিস্তীর্ণ জনপদ। শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। এতে নাকাল অবস্থা দেশের মানুষের। নিম্ন আয়ের মানুষ পড়েছে মহাকষ্টে।
জানুয়ারি মাস জুড়েই শীতের এমন তীব্রতা থাকবে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, তবে তাপমাত্রা বেড়ে শনিবার থেকে আগামী কয়েকদিন শীতের অনুভূতি কিছুটা কমে আসবে।
আবহাওয়ার জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, দেশের পশ্চিম, উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে এক থেকে দুটি মাঝারি থেকে তীব্র এবং দেশের অন্যান্য এলাকায় দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়; ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, জানুয়ারি শীতের মাস, ঠাণ্ডা কমার সুযোগ নাই। সামনে আরো বাড়তে পারে। কখনো সূর্য উঠলে ঠাণ্ডা কম লাগবে, তারপর রোদ চলে গেলে আবার বাড়বে এমনই চলতে থাকবে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, শৈত্যপ্রবাহ কমে আসবে কি না বলা যাচ্ছে না; তবে তাপমাত্রা একটু বাড়বে- এর ফলে কয়েকদিন শীতের অনুভূতি কম থাকবে।
শুক্রবার আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ এবং কুষ্টিয়া জেলাসহ রংপুর বিভাগের ৮ জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এদিন দেশের সর্বনিম্ন ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আর ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা নেমেছে ২৫ ডিগ্রির নিচে।
শুক্রবার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে দিনের বেলা সারাদেশের কোথাও কোথাও শীতের অনুভূতি হতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও দুপুর পর্যন্ত এ পরিস্থিতি থাকতে পারে।
