প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস
অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ দেখাতে চলছে মহাপরিকল্পনা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৮:১৩ পিএম
ছবি : সংগৃহীত
অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ ও অকার্যকর দেখাতে বিশ্বব্যাপী এবং দেশের প্রতিটি স্তরে একটি বিশাল মহাপরিকল্পনা কার্যকর করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। তিনি বলেন, এ সরকারকে ব্যর্থ করার জন্য, অকার্যকর করার জন্য বিশাল অর্থে বিশ্বব্যাপী এবং দেশের প্রতিটি স্থানে, প্রতিটি প্রতিষ্ঠানে এক মহাপরিকল্পনা প্রতি মুহূর্তে কার্যকর রয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি বলেন, তাদের একটি বড় প্রচেষ্টা হচ্ছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা।
প্রধান উপদেষ্টা ড. ইউনুস আরো বলেন, পতিত সরকারের নেতৃবৃন্দ যারা এ দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে নিয়ে গেছে, সে অর্থে বলীয়ান হয়ে তারা দেশে ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে। তাদের কিছুতেই সফল হতে দেবেন না। তিনি সতর্ক করে বলেন, তারা সফল হলে তা হবে জাতির মৃত্যু, জাতি হিসেবে আমাদের অবসান।
ড. ইউনুস বলেন, সাবধান থাকুন। তাদের সকল হীন প্রচেষ্টাকে আমাদের ঐক্যের মাধ্যমে নস্যাৎ করে দিন। যেভাবে নস্যাৎ করেছিলেন তাদের বন্দুকের গুলিকে। তাদের আয়নাঘরকে। প্রতি পায়ে তাদের অনাচারের শিকলকে।
তিনি জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, এ ব্যাপারে সবাই একমত থাকুন, ঐক্যবদ্ধ থাকুন।
নিজের ভাষণে তিনি আরো বলেন, আমরা নতুন বাংলাদেশকে একটি পরিবেশবান্ধব এবং জীব বৈচিত্র্যময় দেশ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। এটি তরুণদের আকাঙ্ক্ষা। আমাদের সবারই আকাঙ্ক্ষা।
এই লক্ষ্যে তিনি প্রথম পদক্ষেপ হিসেবে সমগ্র সচিবালয়ে প্লাস্টিকের পানির বোতল ব্যবহার নিষিদ্ধ’’ করার কথা জানান। এছাড়াও তিনি বলেন, ‘‘ইতোমধ্যে সুপারশপগুলোতে পলিথিনের শপিং ব্যাগ ব্যবহার বন্ধ করার উদ্যোগ নেয়া হয়েছে।
ড. ইউনুস জলবায়ু পরিবর্তনের প্রতি দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনারা সবাই অবগত আছেন, জলবায়ু পরিবর্তন আমাদের জীবনযাত্রার জন্য কীরকম হুমকি হয়ে আসছে। গত এক বছরে বাংলাদেশ প্রায় ১৫টি প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে। তিনি আরো বলেন, মানুষের সৃষ্ট নানাবিধ দুর্যোগের পাশাপাশি এসব প্রাকৃতিক দুর্যোগের বিপক্ষেও আমাদের লড়তে হচ্ছে।
তিনি জানান, আজারবাইজানে জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের আমি আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। সেখানে জাতিসংঘ মহাসচিব, ইউরোপ, এশিয়া, আফ্রিকার অনেক সরকার প্রধানের সঙ্গেও আমার দেখা হয়েছে। তিনি বলেন, ততটুকু আলাপ আলোচনা সম্ভব হয়েছে, আমি সবার কাছেই জলবায়ুর প্রতিকূল প্রভাব মোকাবিলাসহ গণতান্ত্রিক উত্তরণের পথে বাংলাদেশের অগ্রযাত্রায় সহযোগিতা চেয়েছি। তারা সহযোগিতার অঙ্গীকার করেছেন।
প্রধান উপদেষ্টা বলেন, গত ১০০ দিনে আমরা আরও অনেক কল্যাণমূলক কাজ করেছি, যা এখানে স্বল্প পরিসরে বর্ণনা করা সম্ভব নয়। আমাদের সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাসী। আমি তাই সরকারের সব মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি তাদের নিজ নিজ কাজের বিস্তারিত বিবরণ নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার জন্য।
তিনি বলেন, আমি আমার দপ্তরকেও বলেছি সরকারের সব কাজের বিবরণ যাতে জনগণ জানতে পারে, এজন্য যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়।
