কর অব্যাহতি সুবিধা ফিরে পেল গ্রামীণ ব্যাংক
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ০৫:০৮ পিএম
গ্রামীন ব্যাংক। ছবি: সংগৃহীত
আয়কর রিটার্ন দাখিলের শর্তে ২০২৯ সাল পর্যন্ত কর অব্যাহতি সুবিধা ফিরে পেয়েছে গ্রামীণ ব্যাংক। এ বিষয়ে গত বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে একটি গেজেট প্রকাশ করা হয়েছে।
গেজেটে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত করদিবসের মধ্যে আয়কর রিটার্ন দাখিলসহ সব নিয়মকানুন পরিপালন সাপেক্ষেই এ সুবিধা পাবে গ্রামীণ ব্যাংক। ১ অক্টোবর থেকে এ সুবিধা কার্যকর হবে।
১৯৮৩ সালে সামরিক শাসনকালে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক প্রথম থেকেই কর অব্যাহতির আওতায় ছিল। তখনকার অধ্যাদেশ অনুযায়ী ব্যাংকটি করমুক্ত সুবিধা পেত। ২০১৩ সালে এই অধ্যাদেশকে আইনে রূপান্তর করা হলেও কর অব্যাহতির সুবিধা বহাল ছিল। ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সর্বশেষ কর অব্যাহতির মেয়াদ ছিল।
তবে ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় এই সুবিধা বন্ধ হয়ে যায় এবং ওই বছরের আয়ের ওপর প্রচলিত নিয়মে কর পরিশোধ করতে হয় গ্রামীণ ব্যাংককে। ব্যাংকটি তখন নতুন করে কর অব্যাহতির আবেদন করলেও তা মঞ্জুর হয়নি। অবশেষে এবার পাঁচ বছর তিন মাসের জন্য নতুন করে কর অব্যাহতির সুবিধা পেল গ্রামীণ ব্যাংক।
উল্লেখ্য, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ২৮ বছর ধরে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে, সাম্প্রতিক বন্যার সময় ত্রাণ কার্যক্রম পরিচালনা করা আস-সুন্নাহ ফাউন্ডেশনকেও কর অব্যাহতি সুবিধা দেয়া হয়েছে। এনবিআরের প্রকাশিত আলাদা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আয়কর রিটার্ন দাখিলসহ নিয়মকানুন পরিপালন সাপেক্ষে ২০২৯ সালের জুন পর্যন্ত এ কর অব্যাহতির সুবিধা বহাল থাকবে।
আরো পড়ুন: বাংলাদেশে উগ্রবাদ ছড়িয়ে ভারত নিজেদেরটা আড়াল করতে চায়
আস-সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশভিত্তিক একটি অলাভজনক ধর্মীয় দাতব্য সংস্থা। ২০১৭ সালে ইসলামি পণ্ডিত শায়খ আহমাদুল্লাহ এ সংস্থাটি প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে তিনি এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সংস্থাটি শিক্ষা, দাওয়াত ও মানবকল্যাণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে।
