রিমান্ড শেষে ইনু-মেননসহ ৪ আসামি কারাগারে
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৬ পিএম
ছবি: ভোরের কাগজ
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননসহ ৪ হেভিওয়েট আসামিকে রিমান্ড শেষে নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বাকি দুইজন হলেন, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) কয়েক দফায় রিমান্ড শেষে এসকল আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় হাজির করে পুলিশ। এরপর প্রথমে সাবেক আইজিপি মামুনকে ৪ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।
অন্যদিকে খিলগাঁওয়ে মিজানুর রহমান নামক একজনকে হত্যা মামলায় ইনু, মেনন ও পলকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
আরো পড়ুন: কেন বাবরকে নিয়ে আলোচনা থামছে না
গত ২৬ আগস্ট বিকেলে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করে ডিবি। পরে তিন মামলায় তিন দফায় তাকে ১৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এছাড়া গত ২২ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়। পরদিন ৫ দিনের রিমান্ডে নেয়া হয়। গত ১৪ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় পলককে গ্রেপ্তার করে পুলিশ। পরে দুই দফায় তাকে ১৬ দিনের রিমান্ডে নেয়া হয়। অন্যদিকে গত ৩ সেপ্টেম্বর রাতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে গ্রেপ্তার করে ডিবি।
