পুলিশের অস্ত্র যে তারিখের মধ্যে জমা না দিলে ব্যবস্থা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ১০:২৭ পিএম
পুলিশ সদর দপ্তর। ছবি: সংগৃহীত
সম্প্রতি বাংলাদেশ পুলিশের বিভিন্ন থানা/ইউনিট/ডিউটিস্থল হতে লুটপাট হওয়া অস্ত্র ও গোলাবারুদ আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে স্বেচ্ছায় জমা না দিলে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। মঙ্গলবার (২৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ ইতোমধ্যে কিছু উদ্ধার করা হয়েছে। লুণ্ঠিত অবশিষ্ট অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
আরো পড়ুন: ৫ পুলিশ কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল
কোন ব্যক্তির কাছে এ ধরনের অস্ত্র ও গোলাবারুদ রক্ষিত থাকলে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে নিকটস্থ থানায় জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্প্রতি লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ থেকে ২৭ আগস্ট পর্যন্ত যেসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে সেগুলো হলো- বিভিন্ন ধরনের অস্ত্র ১৮৯০টি, গুলি ৯২০৯১ রাউন্ড, টিয়ার গ্যাস শেল ২৮৮০ এবং সাউন্ড গ্রেনেড ২৯৬টি।
