প্রধান উপদেষ্টার প্রেস সচিব হচ্ছেন শফিকুল আলম
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০৮:৫৯ এএম
বার্তাসংস্থা এএফপির ব্যুরো চিফ শফিকুল আলম হচ্ছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হচ্ছেন বার্তাসংস্থা এএফপির ব্যুরো চিফ শফিকুল আলম। সোমবার নিজের ফেসবুকে পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি নিজেই।
শফিকুল আলম লেখেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আমাকে তার প্রেস সচিব হওয়ার ব্যাপারে প্রস্তাব দিয়েছেন। আমি তার ও জাতির সেবা করার জন্য সম্মানিত বোধ করছি। এখনো নিয়োগপত্র হাতে পাইনি। তবে আশা করছি, দু’একদিনের মধ্যে পেয়ে যাব।’
তিনি আরো লেখেন, ‘প্রায় ২০ বছর কাজ করে যাওয়া বার্তাসংস্থা এএফপিও চায় আমি তাদের সঙ্গে থাকি। তারাও একটি পরিবার। তারা আমাকে এত বছর ধরে এমনভাবে সমর্থন করেছে যেমন একজন বাবা তার সন্তানকে সমর্থন করেন। তবে আমি নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত রবিবার ড. মুহাম্মদ ইউনূস শফিকুল আলমকে প্রেস সেক্রেটারি নিয়োগের প্রস্তাব দেন। শফিকুল আলম এতে সম্মতি দিয়েছেন। এক বা দুই দিনের মধ্যে এ ব্যাপারে প্রজ্ঞাপন হতে পারে। দীর্ঘ সাংবাদিকতার ক্যারিয়ারে শফিকুল আলম বিশ বছর ধরে এএফপিতেই কাজ করছেন।
আরো পড়ুন : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কে এই আলী ইমাম মজুমদার
