ফের রিমান্ডে রিজভী, নুর ও পরোয়ার
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ০৭:০১ পিএম
ছবি: সংগৃহীত
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে গ্রেপ্তার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (২৮ জুলাই) কাফরুল থানার এক মামলায় এই তিন নেতাসহ আটজনের বিরুদ্ধে দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন এই তথ্য নিশ্চিত করেছেন। রিমান্ডপ্রাপ্ত অপর পাঁচজন হলেন- যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক, বিএনপির নেতা এম এ সালাম, সায়েদুল হক বাবুল ও সালেহীন।
আরো পড়ুন: কোটা আন্দোলনের আরেক সমন্বয়ককে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কাফরুল থানার মামলায় রুহুল কবির রিজভীসহ আটজনকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে তাদের প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে রামপুরা থানার মামলায় রুহুল কবির রিজভী, সুলতান সালাউদ্দিন, আমিনুল ইসলাম ও জামায়াত নেতা মিয়া গোলাম পরোয়ারের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। আর নুরুল হককে বনানী থানার মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। ওই রিমান্ড চলাকালে ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছিল বলে গতকাল সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা।
