আন্দোলনকারীদের উদ্দেশে পুলিশের বার্তা, ‘লক্ষ্মী ভাই, আল্লাহর ওয়াস্তে ঘরে ফিরে যাও’
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০৭:১৩ পিএম
ছবি : ভোরের কাগজ
সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে পুলিশের বাধা ভেঙে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে মিছিল নিয়ে শাহবাগে এসে জড়ো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা একে একে জড়ো হতে থাকে। কোটা বাতিলের দাবিতে নানা স্লোগান দেন তারা।
শাহবাগ মোড়ে পুলিশের একটি এপিসি কার ও জলকামান ছিল। শিক্ষার্থীদের জনস্রোতে সাময়িকভাবে পিছু হটে পুলিশ।
একপর্যায়ে পুলিশের একটি গাড়ির ওপরে উঠেও বিভিন্ন স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা। অবস্থা বেগতিক দেখে পুলিশ শেষ পর্যন্ত মাইক হাতে নিয়ে তাদের উদ্দেশ্যে নানা বার্তা দিতে থাকে।
এক পুলিশ সদস্য আন্দোলনকারীদের ফিরে যাবার আহ্বান জানান। তিনি মাইকে বলেন, ‘লক্ষ্মী ভাই, আল্লাহর ওয়াস্তে ঘরে ফিরে যাও’।
তবে পুলিশের এই বার্তায় কর্ণপাত না করেই আন্দোলন চালিয়ে যায় সেখানে উপস্থিত শিক্ষার্থীরা। তারা পূর্বের ন্যায় সেখানেই অবস্থান করে। তাদের মুখে শোনা যায়, ‘ভুয়া ভুয়া’, ‘গো ব্যাক গো ব্যাক’ স্লোগান।
উল্লেখ্য, এই আন্দোলনকে ঘিরে আগে থেকেই সতর্ক অবস্থায় রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিকেল থেকে শাহবাগে ব্যারিকেড দিয়ে রেখেছিলেন তারা।
আরো পড়ুন : উত্তাল শাহবাগ, শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টায় পুলিশ
