পিকআপে মিললো ৫৪৯ বোতল মদ, আটক ৩
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৭:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৪৯ বোতল ভারতীয় মদসহ তিন কারবারিকে আটক করেছে ধোবাউড়া থানা পুলিশ।
শুক্রবার (১৫ মে) ভোরে উপজেলার কলসিন্দুর ঘাটপাড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- রংপুরের জাহাঙ্গীর আলম (২৭)। একই এলাকার তানজিমুল মন্ডল (২৩) এবং ময়মনসিংহের ফুলবাড়িয়ার সাইদুল ইসলাম (৪২)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার ভোরে উপজেলার কলসিন্দুর ঘাটপাড় এলাকায় ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই সাকিবসহ পুলিশের একটি চৌকস দল অবস্থান নেয়। এসময় একটি সন্দেহভাজন পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ১৩টি প্লাস্টিকের বস্তাভর্তি ৫৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই আটক করা হয় পরিবহনের সাথে জড়িত তিনজনকে।
ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, "মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপারের নির্দেশনায় এই অভিযান চালানো হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।"
তিনি আরো জানান, সীমান্ত এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের এ ধরনের কঠোর ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
