×

ময়মনসিংহ

কালবৈশাখির তাণ্ডব

৯৬ ঘণ্টা বিদ্যুৎহীন শেরপুরের অর্ধশতাধিক গ্রাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পিএম

৯৬ ঘণ্টা বিদ্যুৎহীন শেরপুরের অর্ধশতাধিক গ্রাম

ছবি: সংগৃহীত

টানা কয়েক দিনের কালবৈশাখী ঝড়, বৃষ্টি ও বজ্রপাতের প্রভাবে শেরপুর জেলার অধিকাংশ উপজেলায় বিদ্যুৎ ব্যবস্থা মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। গাছপালা ও ডালপালা বৈদ্যুতিক লাইনের ওপর ভেঙে পড়ায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি ভেঙে পড়ে। এতে জেলার অন্তত অর্ধশতাধিক গ্রাম টানা ৭২ থেকে ৯৬ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল রাত থেকে শুরু হওয়া ঝড়-বৃষ্টির পর থেকেই বিশেষ করে পাহাড়ি ও দুর্গম এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার প্রায় ৫০ থেকে ৬০টি গ্রামে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ নেই। এসব এলাকার বেশিরভাগ সংযোগ পল্লী বিদ্যুতের আওতাধীন।

ঝিনাইগাতী উপজেলার নওকুচি, গান্ধিগাঁও, সন্ধ্যাকুড়া, হালচাটি, কালিবাড়ি, তাওয়াকুচা, দারিয়াপাড়া, কুচনিপাড়া ও হালুহাটি গ্রামসহ বহু এলাকায় টানা তিন থেকে চার দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। একই পরিস্থিতি শ্রীবরদীর রানিশিমুল, সিংগাবর্ণা ইউনিয়নের অধিকাংশ গ্রাম, কাকিলাকুড়া ও তাঁতিহারি ইউনিয়নের বিভিন্ন অংশেও। নালিতাবাড়ীর বাতকুচি, খলচন্দা, কাটাবাড়ী, বারোমারী, নন্নী, পাঁচগাঁও ও যোগানিয়া এলাকার বহু গ্রামও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে।

স্থানীয়দের অভিযোগ, অনেক এলাকায় মেরামতের কাজে পল্লী বিদ্যুতের কর্মীদের উপস্থিতি খুবই কম। ফলে ক্ষতিগ্রস্ত লাইন দ্রুত মেরামত না হওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে। স্বাভাবিক সময়েও দীর্ঘ লোডশেডিংয়ের মধ্যে থাকতে হয় বলে জানান বাসিন্দারা। তার ওপর ঝড়ের পর দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে।

শ্রীবরদীর বালিঝুড়ি কালিবাড়ি এলাকার বাসিন্দা কাদির মিয়া বলেন, কয়েক দিন ধরে বিদ্যুৎ নেই। মোবাইল চার্জ দেওয়ারও সুযোগ নেই, ফলে সব কাজ বন্ধ হয়ে গেছে। ভায়াডাঙ্গা এলাকার এসএসসি পরীক্ষার্থী সুমন মিয়া বলেন, বিদ্যুৎ না থাকায় পড়াশোনা ব্যাহত হচ্ছে, পরীক্ষার প্রস্তুতিতে সমস্যা হচ্ছে।

এ বিষয়ে শ্রীবরদী পল্লী বিদ্যুৎ দফতরের ডিজিএম প্রকৌশলী সূর্য নারায়ণ ভৌমিক বলেন, কিছু এলাকায় বিদ্যুৎ চালু হয়েছে, তবে কিছু অংশ এখনো বন্ধ রয়েছে। ঝড়ের কারণে বারবার লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় মেরামত কাজ ব্যাহত হচ্ছে। ঝিনাইগাতীর সহকারী জেনারেল ম্যানেজার (ওঅ্যান্ডএম) জহুরুল ইসলাম বলেন, কিছু এলাকায় বিদ্যুৎ চালু হয়েছে, বাকিগুলোতে কাজ চলছে।

শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. মাইনউদ্দিন আহমদ জানান, কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, তবে তা সীমিত। শ্রীবরদীতে প্রায় দেড় থেকে দুই হাজার গ্রাহক এখনও বিদ্যুৎহীন। পাহাড়ি এলাকায় হাতির চলাচলের নিরাপত্তার কারণে কিছু লাইনে বিদ্যুৎ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন বলেন, ঝড়ের কারণে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সমস্যা দেখা দিয়েছে। পল্লী বিদ্যুতের সঙ্গে সমন্বয় করে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

শেরপুর জেলায় পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় প্রায় ৩ লাখ ২৬ হাজার গ্রাহক রয়েছে। দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলে কৃষি, শিক্ষা ও সাধারণ জনজীবনে এর নেতিবাচক প্রভাব আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভিসা জট কাটাতে ভারতের সঙ্গে জোর আলোচনা

পররাষ্ট্রমন্ত্রী ভিসা জট কাটাতে ভারতের সঙ্গে জোর আলোচনা

কোনো নারীই ট্রফি হতে চান না, সম্মান চান: প্রীতি

কোনো নারীই ট্রফি হতে চান না, সম্মান চান: প্রীতি

যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো হরমুজ অতিক্রম করলো এলএনজি ট্যাংকার

যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো হরমুজ অতিক্রম করলো এলএনজি ট্যাংকার

 বিশ্বকাপে হলুদ কার্ডের নিয়মে বড় পরিবর্তন আনছে ফিফা

বিশ্বকাপে হলুদ কার্ডের নিয়মে বড় পরিবর্তন আনছে ফিফা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App