ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ সহায়তা দিচ্ছে রাশিয়া
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১১:১৭ এএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে জড়িত ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিয়ে সহযোগিতা করছে রাশিয়া। বৃহস্পতিবার (২৬ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।
বিভিন্ন বিদেশি গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে। রুশ গোয়েন্দারা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি, যুদ্ধজাহাজ এবং গুরুত্বপূর্ণ সেনাস্থাপনার অবস্থান ইরানের প্রতিরক্ষা বাহিনীকে সরবরাহ করছেন।
পশ্চিমা গোয়েন্দারা জানিয়েছেন, গোয়েন্দা সহায়তার পাশাপাশি ইরানে ড্রোন, খাদ্য ও ওষুধের চালানও পাঠানো হচ্ছে। চলতি মার্চ মাসের শেষের দিকে ড্রোনের প্রথম চালান পাঠানো শেষ হবে বলে জানানো হয়েছে।
আরো পড়ুন : হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় আহত দুই ইসরায়েলি
উল্লেখ্য, রাশিয়া ও ইরানের মধ্যে ২০২৩ সাল থেকে বিস্তৃত কৌশলগত চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় ইরানি ড্রোন রাশিয়ার ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত হচ্ছে এবং রাশিয়া ২০২৩ সাল থেকে নিজস্ব ইরানি ড্রোন উৎপাদন শুরু করেছে।
ফিন্যান্সিয়াল টাইমস যাচাইয়ের জন্য ক্রেমলিনের সঙ্গে যোগাযোগ করলে, এক মুখপাত্র বলেন, এই মুহূর্তে আমাদের চারপাশে প্রচুর ভুয়া তথ্য আছে। তবে সত্যি এটি যে, যুদ্ধের শুরু থেকে ইরানের নেতৃত্বের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
