×

মধ্যপ্রাচ্য

ইরানে মৃত্যু সাড়ে পাঁচশ ছাড়িয়েছে: রেড ক্রিসেন্ট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৩:২৫ পিএম

ইরানে মৃত্যু সাড়ে পাঁচশ ছাড়িয়েছে: রেড ক্রিসেন্ট

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে নিহতের সংখ্যা সাড়ে পাঁচশ ছাড়িয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি।

এর মধ্যে দক্ষিণ ইরানের মিনাব শহরের কেবল একটি স্কুলেই মারা গেছে প্রায় ২০০ জন।

রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ইরানের অন্তত ১৩১টি শহর আক্রান্ত হয়েছে।

রেড ক্রিসেন্টের মানবিক মিশনের নেতৃত্বে ত্রাণ কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চলমান রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দল মোতায়েন রয়েছে। সারাদেশে এক লাখেরও বেশি সাড়াদানকারী সদস্য পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে।

বর্তমানে প্রায় ৪০ লাখ স্বেচ্ছাসেবকের একটি নেটওয়ার্ক মানবিক সেবা, সহায়তা এবং মানসিক-সামাজিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ইরান থেকে নতুন করে ঝাঁকে ঝাঁকে মিসাইল ইসরায়েলের দিকে ধাবিত হচ্ছে এবং দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো প্রতিহত করতে কাজ করছে। 

ইসরায়েলি কর্তৃপক্ষ নাগরিকদের সতর্ক সংকেত পাওয়ামাত্র নিরাপদ আশ্রয়ে যাওয়ার এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করার নির্দেশ দিয়েছে। এই নতুন দফার হামলা মধ্যপ্রাচ্যের আকাশসীমাকে এক রণক্ষেত্রে পরিণত করেছে, যার ফলে কাতার এয়ারওয়েজসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা তাদের ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে সোমবার সকালে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে ক্রুরা নিরাপদ আছেন।

মন্ত্রণালয়টির দাপ্তরিক মুখপাত্র কর্নেল সৌদ আল আতওয়ান জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয় আর ক্রুদের সরিয়ে নিয়ে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়।

ক্রুদের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তিনি; খবর গাল্ফ নিউজের।

আতওয়ান আরও জানান, কুয়েতের কর্তৃপক্ষ ঘটনাগুলোর পরিস্থিতি নির্ধারণে সরাসরি মার্কিন বাহিনীগুলোর সঙ্গে সমন্বয় করছে এবং যৌথ প্রযুক্তিগত প্রক্রিয়া সম্পন্ন করছে। তদন্ত চলমান আছে আর জনসাধারণকে তথ্যের জন্য সরকারি সূত্রগুলোর ওপর নির্ভর করার আহ্বান জানানো হয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো ড্রোন হামলার পর তাদের রাস তানুরা শোধনাগার বন্ধ করেছে বলে খবর দিয়েছে রয়টার্স।

বার্তা সংস্থাটিকে সোমবার এক শিল্প সূত্র বলেছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে তেহরান ওই অঞ্চজুড়ে হামলা চালানোর পর এ পদক্ষেপ নেওয়া হয়।

উপসাগরীয় উপকূলে অবস্থিত রাস তানুরা কমপ্লেক্সে মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ শোধনাগার রয়েছে, যার দৈনিক উৎপাদনক্ষমতা ৫ লাখ ৫০ হাজার ব্যারেল। সৌদি অপরিশোধিত তেল রপ্তানির একটি গুরুত্বপূর্ণ টার্মিনালও এটি।

সূত্রটি রয়টার্সকে বলেছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শোধনাগারটি বন্ধ করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ইমেইলে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক জবাব দেয়নি আরামকো।

আল জাজিরার যাচাই করা ভিডিও ফুটেজে দেখা গেছে, রাস তানুরা শহরের একটি তেল স্থাপনা থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক বছরে সমুদ্রে নিখোঁজ ৯০০ রোহিঙ্গা : জাতিসংঘ

এক বছরে সমুদ্রে নিখোঁজ ৯০০ রোহিঙ্গা : জাতিসংঘ

পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

রাশেদ প্রধানের মন্তব্য ঘিরে উত্তেজনা, পিএস জনি আটক

রাশেদ প্রধানের মন্তব্য ঘিরে উত্তেজনা, পিএস জনি আটক

পাহাড় থেকে অপহৃত ৩ জনকে উদ্ধার করলো র‍্যাব

পাহাড় থেকে অপহৃত ৩ জনকে উদ্ধার করলো র‍্যাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App