ট্রাম্পের পছন্দের ৩ নাম ইরানের নতুন নেতৃত্বের সম্ভাব্য তালিকায়
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১২:০৫ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ইরানকে নেতৃত্ব দেওয়ার জন্য একটি সংক্ষিপ্ত তালিকা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। এই তালিকায় তিনজনকে তিনি ‘খুব ভালো পছন্দ’ হিসেবে রেখেছেন। তবে তালিকায় থাকা এই তিনজনের নাম তিনি প্রকাশ করেননি। ট্রাম্প বলেন, আমি এখনই নামগুলো প্রকাশ করব না। আগে কাজটা শেষ হোক। খবর এএফপির।
রোববার (১ মার্চ) ট্রাম্প এ কথা বলেন। এর আগের দিনই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু করে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। হামলায় মারা গেছেন ইরানের শীর্ষস্থানীয় আরো কয়েকজন কর্মকর্তা। এই হামলায় ইরানের শীর্ষ ৪৮ জন নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ট্রাম্প।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, খামেনির মৃত্যুতে তার পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছে, খামেনির মেয়ে, জামাতা ও নাতি নিহত হয়েছেন। এছাড়া নিহতদের মধ্যে রয়েছেন খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি, সশস্ত্র বাহিনী প্রধান জেনারেল আবদুল রহিম মৌসাভি, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) প্রধান মোহাম্মদ পাকপুর।
আরো পড়ুন : খামেনির মৃত্যুর খবরে খুশি তার ভাগ্নে
ট্রাম্প আরো জানিয়েছেন, হামলার পর ইরানের নতুন সম্ভাব্য নেতৃত্ব মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছে এবং তিনি এ বিষয়ে রাজি হয়েছেন।
বিশ্লেষকরা মনে করছেন, খামেনির মৃত্যুর পর ইরানের রাজনৈতিক ব্যবস্থায় বড় ধরণের শূন্যতা তৈরি হবে। এই পরিস্থিতিতে ট্রাম্পের তালিকাভুক্ত তিনজনকে নতুন নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠা করা রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে কঠিন হবে। ইরানের ভেতরে শাসন ব্যবস্থার মধ্যে সংঘাত এবং বিভিন্ন সামরিক ও ধর্মীয় গোষ্ঠীর প্রভাবও নতুন নেতৃত্বের পথে বড় চ্যালেঞ্জ হতে পারে।
যুক্তরাষ্ট্র ইরানের সরকার পরিবর্তনের উদ্দেশ্য নিয়ে পরিকল্পিতভাবে উচ্চস্তরের নেতৃত্বকে নিশানা করেছে। তবে এই ধরনের পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং নিরাপত্তা ঝুঁকি আরো বেড়ে যেতে পারে।
