দক্ষিণ লেবাননের ২৫টি শহর খালি করার নির্দেশ ইসরায়েলের
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৮:৫৮ এএম
শহরগুলোর বাসিন্দাদের তাদের বাড়িঘর ছেড়ে আওয়ালি নদীর উত্তরে চলে যেতে বলেছে। ছবি : সংগৃহীত
ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননে হামলা অব্যাহত রেখেছে। বিমান হামলার পাশাপাশি তারা স্থলপথেও হামলা চালাচ্ছে। এমন অবস্থায় দক্ষিণ লেবাননের ২৫টি শহর খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল।
এসব শহরের বাসিন্দাদের অবিলম্বে তাদের বাড়িঘর ছেড়ে উত্তর দিকে চলে যেতে নির্দেশও দেয়া হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে ব্যাপক বিমান হামলার মধ্যে সোমবার দেশটির দক্ষিণাঞ্চলের ২৫টি শহরের বাসিন্দাদের জন্য তাৎক্ষণিকভাবে তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র সরে যাওয়ার আদেশ জারি করেছে।
ইসরায়েলের সামরিক মুখপাত্র আভিচায় আদ্রাই লেবাননের এই শহরগুলোর বাসিন্দাদের তাদের বাড়িঘর ছেড়ে আওয়ালি নদীর উত্তরে চলে যেতে বলেছেন।
খালি করতে বলা শহরের তালিকার মধ্যে রয়েছে— বোরঘোলিয়েহ, কাসমিয়েহ, নবী কাসিম, আল-মাতারিয়াহ, খারায়েব, মাজরাত কাউথারিয়েত এল রেজ, আনসার, বাবলিয়াহ, দেইর তাকলা, আদলউন এবং আনসারিয়েহ।
এছাড়াও মেরুয়ানিয়েহ, জেফতা, বাফারুয়েহ, হাব্বাউচ, নাবাতিহ, সেজউদ, জবা, আনকউন, বানাফউল, কেননারিত, জেইতা, আরনায়া, মাজরাত মাতারিয়েত জবা এবং তানবোরিত শহরগুলোও এই তালিকায় রয়েছে।
আদ্রাই বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী এই শহরের বাসিন্দাদের উপযুক্ত পরিস্থিতিতে ফিরে আসার অনুমতি দেবে।
এর আগে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের কয়েক ডজন শহর থেকে মানুষজনকে সরে যাওয়ার আদেশ জারি করেছিল। পরে তেল আবিব সেসব ওই এলাকায় বিমান ও স্থল হামলা চালায়।
মূলত ইসরায়েল গত ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলার নামে লেবাননজুড়ে বিশাল বিমান হামলা শুরু করেছে। এই হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ১ হাজার ৪৮৮ জন নিহত হয়েছেন এবং আরো ৪ হাজার ২৯৭ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই আক্রমণের কারণে ১০ লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছেন।
গাজা উপত্যকায় আক্রমণ শুরুর পর থেকে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে আন্তঃসীমান্ত যুদ্ধের এক বছরের পর থেকে আকাশ সীমায় অভিযান চালানো হচ্ছে। হামাসের হামলার পর থেকে ৪২ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল সেনাবাহিনী, যাদের অধিকাংশই নারী ও শিশু।
গত বছর গাজা এবং লেবাননে ইসরায়েলের নিরলস আক্রমণের মধ্যে মধ্যপ্রাচ্য একটি আঞ্চলিক যুদ্ধের দ্বারপ্রান্তে ছিল এমন আন্তর্জাতিক সতর্কতা সত্ত্বেও, এটি ১ অক্টোবর দক্ষিণ লেবাননে আগ্রাসন শুরু করার মাধ্যমে সংঘাতকে প্রসারিত করেছে।
আরো পড়ুন : উত্তর লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ১৮
