সপ্তাহে দুইদিন ভার্চুয়ালি চলবে হাইকোর্ট
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পিএম
ছবি : সংগৃহীত
বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি এবং জ্বালানি-বিদ্যুৎ সাশ্রয়ের প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুই দিন ভার্চুয়াল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। এতে রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষর করেন।
নির্দেশনায় বলা হয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা এবং জ্বালানি সাশ্রয়ের লক্ষ্য সামনে রেখে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ এবং প্রযোজ্য প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণে তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রতি সপ্তাহে দুই দিন হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল আদালত পরিচালিত হবে।
এ লক্ষ্যে হাইকোর্ট বিভাগের একক বেঞ্চে দায়িত্বে থাকা সকল বেঞ্চ অফিসার এবং দ্বৈত বেঞ্চের ক্ষেত্রে অন্তত একজন বেঞ্চ অফিসারকে নিজে বা প্রতিনিধির মাধ্যমে হাইকোর্টের আইটি শাখায় উপস্থিত হয়ে ই-মেইল আইডি, পাসওয়ার্ড ও মোবাইল নম্বর প্রদান করে জুম আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করতে বলা হয়েছে। এ প্রক্রিয়া সোমবার (২০ এপ্রিল) এর মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে রোববার (১৯ এপ্রিল) সকাল থেকে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী হাইকোর্ট বিভাগের জন্য মোট ৬৩টি বেঞ্চ গঠন করেছেন, যার মধ্যে ২৯টি একক এবং ৩৪টি দ্বৈত বেঞ্চ রয়েছে।
